শামীম ও আইভীর সঙ্গে কাল আবার আ.লীগের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে মেয়র পদে একজন প্রার্থী নির্বাচন করতে দলীয় দুই প্রার্থী শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভীর সঙ্গে আরেক দফা আলোচনায় বসবেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। কাল রোববার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এ বৈঠক হবে। বৈঠকে সংসদ উপনেতা ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।আজ শনিবার রাতে ধানমন্ডির দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের এক বৈঠক হয়। বৈঠকের পর দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকালের বৈঠকের পর মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ঠিক হবে। বৈঠক শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী গণভবনে গিয়ে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে আরেক দফা বৈঠক করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পর আজ ধানমন্ডির কার্যালয়ে যান। কর্মী-সমর্থকদের হর্ষধ্বনির মধ্যে দুই ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করেন তিনি। মন্ত্রিপরিষদের সদস্য, স্থানীয় সাংসদ ও দলের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে তিনি সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন। বৈঠকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী ঠিক করা হয়েছে কি না, জানতে চাইলে হানিফ সাংবাদিকদের বলেন, এ নিয়ে কোনো আলোচনা হয়নি।নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী দুই সদস্য শামীম ও আইভীকে নিয়ে এর আগে গণভবনেও বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু কোনো সমঝোতা সম্ভব হয়নি। তৃণমূল পর্যায়ে ঢেলে সাজানোর নির্দেশ: সংবাদ ব্রিফিংয়ে হানিফ জানান, বৈঠকে প্রধানমন্ত্রী দলকে শক্তিশালী করতে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন। সরকারের সাফল্য এবং চারদলীয় সরকারের ‘সন্ত্রাস-দুর্নীতি’র চিত্র জনগণের সামনে তুলে ধরার জন্য নেতাদের নির্দেশ দেন তিনি। হানিফ বলেন, ‘বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে। তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়। আমরা বিষয়টা তুলে ধরতে চাই।’বিএনপির রোডমার্চের বিষয়ে হানিফ বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপিও শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করুক।’ তিনি জানান, বৈঠকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী জেলা ও মহানগর, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী ফারুক খানসহ উল্লেখযোগ্য নেতারা উপস্থিত ছিলেন।