শামীম ও সেলিম ওসমানকে বাদ দেওয়ায় যোগ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০১০-১১ বর্ষের কার্যকরী কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম আমন্ত্রণপত্রে সম্মানিত অতিথির তালিকায় প্রটোকল ভেঙে নারায়ণগঞ্জের পাঁচ সাংসদের নামের আগে সাবেক সাংসদ, আওয়ামী লীগের বিতর্কিত নেতা শামীম ওসমানের নাম ছাপা হয়। এতে জেলার সাংসদেরা আপত্তি জানালে পরে আমন্ত্রণপত্র পরিবর্তন করা হয়। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হন।অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তবে শেষ পর্যন্ত শামীম ওসমান ও তাঁর দুই ভাই ব্যবসায়ী নেতা সেলিম ওসমান ও জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান অনুষ্ঠানে যোগ দেননি। বিশ্বস্ত সূত্র জানায়, নানা কারণে বিতর্কিত শামীম ওসমান ও তাঁর ভাই সেলিম ওসমান মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসবেন না—এই শর্তে শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নারায়ণগঞ্জের চার সাংসদ গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম, আবদুল্লাহ আল কায়সার, সারাহ্ বেগম কবরী, জেলা ও দায়রা জজ জহুরুল হক, প্রবীণ আইনজীবী সুরুজ আলী, সমিতির সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে দুই ধরনের আমন্ত্রণপত্র বিলি করা হয়। প্রথম আমন্ত্রণপত্রে সম্মানিত অতিথির তালিকায় প্রথমেই ছিল শামীম ওসমানের নাম। এর পরই নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের নাম। এরপর রাখা হয় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের চার সাংসদের নাম। শামীম ওসমানের ভাই ব্যবসায়ী নেতা সেলিম ওসমানের নাম রাখা হয় তালিকার ১১ নম্বরে। তিন দিন আগে এই আমন্ত্রণপত্র বিলি করা হয়।দায়িত্বশীল একটি সূত্র জানায়, প্রটোকল ভঙ্গ করে নির্ধারিত সাংসদদের নামের আগে শামীম ওসমানের নাম থাকায় ক্ষুব্ধ হন আওয়ামী লীগের চার সাংসদ। তাঁরা বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনেন। এ ছাড়া আওয়ামী লীগের সাংসদেরা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান, শামীম ওসমান ও তাঁর ভাই সেলিম ওসমানের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সংবাদপত্রে নেতিবাচক খবর প্রকাশিত হয়। বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে মঞ্চে বসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পরিবর্তন ও শামীম ওসমান, সেলিম ওসমানকে মঞ্চে না রাখার জন্য আয়োজকদের নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, আয়োজকেরা অনুষ্ঠানের দিন গতকাল দুপুরে নতুন করে আমন্ত্রণপত্র বিলি করেন।নতুন আমন্ত্রণপত্রে শামীম ওসমান ও সেলিম ওসমানের নাম বাদ দেওয়া হয়। নাসিম ওসমানের নাম রাখা হয় আওয়ামী লীগের চার সাংসদের নামের পর। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানস্থলে আসার আগে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোকন সাহা ঘোষণা দেন, পারিবারিক সমস্যার কারণে নাসিম, সেলিম ও শামীম ওসমান অনুষ্ঠানে আসতে পারবেন না। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে অতিথির নামের তালিকার পরিবর্তন প্রসঙ্গে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। আরও ৩২ হাজার পুলিশ: অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে আরও ৩২ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। আগামী বছরের মধ্যেই ১৩ হাজার পুলিশ সদস্য নিয়োগ সম্পন্ন করা হবে। এ ছাড়া দেশের প্রতিটি থানায় দুটি পিকআপ ভ্যান ও দুটি করে মোটরসাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেসব থানা এলাকায় পুলিশ ফাঁড়ি প্রয়োজন, সেখানে দ্রুত ফাঁড়ি স্থাপন করা হবে। তবে এর জন্য আবেদন করতে হবে। তিনি নারায়ণগঞ্জ বারের দুরবস্থা নিরসনে সহায়তা করতে আইন প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বর্তমানে অতিরিক্ত জেলা জজের ৭৩টি পদ খালি রয়েছে। সেই সব শূন্য পদ পূরণে শিগগিরই ৪০ জনকে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হবে।