শামীম ওসমান ও তৈমুরকে সতর্ক করল ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা-সমাবেশের অভিযোগে সম্ভাব্য মেয়রপ্রার্থী আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান ও জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।গতকাল রোববার দুজনকে পৃথক চিঠিতে সতর্ক করা হয়, একই সঙ্গে তাঁদের বক্তব্য জানতে চাওয়া হয়।এ ছাড়া গতকাল মেয়র পদে আরেক সম্ভাব্য প্রার্থী ও শহর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াত আইভী সংবাদ সম্মেলন করছেন—এ খবর পেয়ে এক সহকারী রিটার্নিং কর্মকর্তা পুলিশ নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যান। কিন্তু এর আগেই সদ্য বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে প্রেসক্লাব ত্যাগ করেন।আইভী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তিনি বিএনপি থেকে নির্বাচন করবেন বলে তাঁর বিরুদ্ধে শামীম ওসমান উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগে আছি এবং থাকব। আমরা দলের দুঃসময়ে নেতা-কর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে বিদেশে পালিয়ে যাইনি। ক্ষমতায় থাকাকালে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটপাট করিনি।’আইভী আরও অভিযোগ করেন, তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। শামীম ওসমান বিভিন্ন সংগঠনের নামে সভা-সমাবেশ করে আচরণবিধি লঙ্ঘন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, সিটি করপোরেশনের অধীন থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) শামীম ওসমানের পক্ষ অবলম্বন করছেন।আইভী জেলা প্রশাসক ও এসব ওসিকে অবিলম্বে প্রত্যাহার এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটের ১৫ দিন আগে সেনা মোতায়েনের দাবি জানান।এ সময় আইভীর সঙ্গে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি শেখ হায়দার আলী পুতুল, কৃষক লীগের নেতা রোকনউদ্দিন আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজামউদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত প্রমুখ।নারায়ণগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, শনিবার সন্ধ্যায় নিমাইকাশারী এলাকায় তৈমুর আলম খন্দকারের সমর্থনে শামিয়ানা টানিয়ে ও চেয়ার পেতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ খবর পেয়ে তাঁরা সভা বন্ধ করে দেন। তিনি বলেন, এ জন্য তৈমুর আলমকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে কারণ দর্শাতে বলা হয়েছে।জানতে চাইলে তৈমুর আলম প্রথম আলোকে বলেন, ‘আমি মসজিদে নামাজ পড়ছিলাম। আমার উপস্থিতির খবর শুনে লোকজন সেখানে জড়ো হয়। আমি কোনো সভা করিনি। আচরণবিধি লঙ্ঘন করার প্রশ্নই ওঠে না।আরেক সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, পত্রিকার খবরে জানতে পেরেছেন, তফসিল ঘোষণার পর শুক্র ও শনিবার শামীম ওসমান শহরের দেওভোগ ও নিতাইগঞ্জ মাছুয়া বাজার এলাকায় ‘যুদ্ধাপরাধীদের বিচার দাবি ও স্বাধীনতাবিরোধীদের তাণ্ডবের প্রতিবাদে’ সভার নামে নির্বাচনী সমাবেশ করেছেন। কিন্তু আচরণবিধি অনুসারে কোনো সম্ভাব্য প্রার্থী এ রকম কোনো সভায় উপস্থিত থাকতে পারবেন না। তাই তাঁকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে, একই সঙ্গে তাঁর কাছে জবাব চাওয়া হয়েছে।এ ব্যাপারে শামীম ওসমান বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ও স্বাধীনতাবিরোধীদের তাণ্ডবের প্রতিবাদে সভার আয়োজন করেছি। নির্বাচন কমিশনের যেহেতু আপত্তি রয়েছে, তাই এখন থেকে এ রকম কোনো সভায় উপস্থিত থাকব না।’নির্বাচন অফিস সূত্র জানায়, সভা ও মিছিল করে আচরণবিধি লঙ্ঘনের একই অভিযোগে ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম, জহির উদ্দিন ও নূর হোসেনকে সতর্ক করা হয়েছে।রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান বলেছেন, ৯ অক্টোবরের আগে কোনো পথসভা করা যাবে না বলে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আচরণবিধি যাতে যথাযথভাবে পালন করা হয়, সে জন্য নির্বাচন কমিশন পর্যবেক্ষণ জোরদার করেছে।এদিকে, গতকাল দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সেলিনা হায়াত আইভীর সংবাদ সম্মেলন আয়োজনের খবর শুনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মেজবাহউদ্দিন আহমাদ ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জামান পুলিশ নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হানা দেন। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের বাগিবতণ্ডা হয়। মেজবাহউদ্দিন আহমাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনী আচরণবিধি অনুসারে কোনো প্রার্থী সংবাদ সম্মেলন করতে পারবেন না। সংবাদ সম্মেলনের খবর শুনে তিনি এ বিষয়ে সতর্ক করতে এসেছেন।পরে সেলিনা হায়াত আইভী প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো সংবাদ সম্মেলন করিনি। সেখানে সংবাদ সম্মেলনে কোনো ব্যানার, লিখিত বক্তব্য ছিল না। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি প্রেসক্লাবে গিয়েছিলাম সাংবাদিকদের সাথে কথা বলার জন্য।’