শামীম ওসমান কারাগারে
দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা দুটি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমানের জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) ও বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক আলী আকবর এই আদেশ দেন। শামীম ওসমানের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে কারাবিধি অনুযায়ী সুচিকিৎসা দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্ধারিত সময়ে সম্পদের হিসাব দাখিল না করার দায়ে তিন বছর, সম্পদের তথ্য গোপনের দায়ে তিন বছর ও কর ফাঁকি দেওয়ার দায়ে শামীম ওসমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।গতকাল সকাল ১০টায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে নারায়ণগঞ্জে আদালতে হাজির হন শামীম ওসমান। পরে তিনি হেঁটে জেলা আইনজীবী সমিতি ভবনের দোতলায় সভাপতির কক্ষে যান। বেলা ১১টায় আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতে শামীম ওসমানের আইনজীবীরা বলেন, তিনি অসুস্থ। কাঠগড়ায় দাঁড়াতে পারবেন না। আদালত এই আবেদন অগ্রাহ্য করে শামীম ওসমানকে কাঠগড়ায় দাঁড়ানোর নির্দেশ দেন।শামীম ওসমানের আত্মসমর্পণের খবর পেয়ে সকাল থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় জমান। এ সময় আদালতপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।শামীম ওসমান আদালতে দাবি করেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি বিদেশে থাকাকালে সাজানো মামলায় উদ্দেশ্যমূলকভাবে তাঁকে সাজা দেওয়া হয়েছে। তিনি আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।আদালতকে উদ্দেশ করে শামীম ওসমান বলেন, ‘সংবিধানে আছে, একজন নিরপরাধ ব্যক্তি যেন কোনোভাবেই কারাভোগ না করে। আমি নির্দোষ। এখন আপনি বলুন, আমি কোনো অন্যায় না করেও কেন এক দিন হলেও জেল খাটব। জীবনে অনেক জেল খেটেছি। জেলে যাওয়াকে আমি কখনো ভয় পাই না। আমি জানি, আপনি আমাকে জামিন দিতে পারবেন না। নিরপরাধ কোনো ব্যক্তি যদি সাজাভোগ করে এটা সংবিধানের জন্য ও আপনার জন্য লজ্জাকর।’আদালত বলেন, ‘আমাদের কাজ হচ্ছে শোনা ও বলা। এর বাইরে আমাদের কোনো এখতিয়ার নেই।’ বিচারক শামীম ওসমানকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা এখন ক্ষমতায় আছেন। আপনারা সেভাবেই আইন প্রণয়ন করুন। আইনের বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।’শামীম ওসমানের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান আদালতকে বলেন, শামীম ওসমান খুবই অসুস্থ। তিনি হূদেরাগ ও কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে অ্যাম্বুলেন্সে করে আদালতে আনা হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁর সুচিকিৎসার প্রয়োজন। এ জন্য তিনি জামিনের আবেদন জানাচ্ছেন।অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আসাদুজ্জামান বলেন, অসুস্থতার জন্য মানবিক দিক বিবেচনা করে তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে।আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শামীম ওসমানকে কারা আইন অনুযায়ী সুচিকিৎসা দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।এ সময় আদালতে শহর আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোকন সাহাসহ ৫০ জনেরও বেশি আইনজীবী উপস্থিত ছিলেন।নারায়ণগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান জানান, দুপুর ১২টায় শামীম ওসমানকে জেলা কারাগারে আনা হয়। বেলা পৌনে দুইটায় আদালতের নির্দেশ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।এদিকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের কাস্টমার সার্ভিস ম্যানেজার সজল আহম্মেদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শামীম ওসমান গত শনিবার বিকেল সাড়ে পাঁচটায় হাসপাতালের ৫০৩ নম্বর ভিআইপি কেবিনে ভর্তি হন। তিনি একজন মেডিসিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন। ইউনাইটেড হাসপাতালের অ্যাম্বুলেন্সে আসা জরুরি বিভাগের সহকারী স্টাফ আবুল কালাম আজাদ বলেন, হাসপাতাল থেকে বলা হয়েছে শামীম ওসমানকে নারায়ণগঞ্জের আদালতে নিয়ে যাওয়ার জন্য। এর বাইরে তিনি কিছু জানেন না। শামীম ওসমান অসুস্থ কি না, জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন শামীম ওসমান।