দুদকের মামলায় সাবেক সাংসদ শামীম ওসমানের তিন বছরের সাজার রায় হাইকোর্ট বাতিল ঘোষণা করেছেন। আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী সাজার রায়ের বিরুদ্ধে শামীম ওসমানের আপিল মঞ্জুর করে এ রায় দেন। অন্যদিকে হাইকোর্টের একটি বেঞ্চ আয়কর ফাঁকির অভিযোগে শামীম ওসমানের আট বছরের সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবুবকর সিদ্দিকী সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ওসমানের করা আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।শামীম ওসমানের আইনজীবী গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, সম্পদের হিসাব না দেওয়ার মামলায় একটি বেঞ্চ শামীম ওসমানের তিন বছরের সাজার রায় বাতিল করেছেন । অপর একটি বেঞ্চ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আয়কর ফাঁকির মামলায় আট বছরের সাজার রায় স্থগিত করেছেন।জানা যায়, সম্পদের হিসাব না দেওয়ায় ২০০৭ সালে ৪ এপ্রিল দুদকের উপপরিচালক বেনজির আহমেদ শামীম ওসমানের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলায় একই বছরের ৩০ এপ্রিল বিচারিক আদালত তাঁকে তিন বছরের সাজার রায় দেন। আর আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড ২০০৭ সালের ৩০ মে ওসমানের বিরুদ্ধে মামলা করে। ওই বছরের ২৯ সেপ্টেম্বর বিচারিক আদালতে তাঁর আট বছরের সাজার রায় হয়। পৃথক এই সাজার রায়ের বিরুদ্ধে শামীম ওসমান এ বছরের ৬ ফেব্রুয়ারি পৃথক দুটি আপিল করেন।