শামীম ওসমানকে ধরে জিজ্ঞাসাবাদ করুন: তৈমুর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমানকে জিজ্ঞাসাবাদ করার অনুরোধ জানিয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার । তিনি বলেন, শামীম ওসমান নির্বাচনের আগে হঠাত্ বললেন, জঙ্গি হামলা হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বললেন, দেশে জঙ্গি হামলার আশঙ্কা নেই। তাহলে শামীম ওসমান কোথায় থেকে এ কথা বললেন। তাঁকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত।আজ শনিবার বিকেলে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। তৈমুর আলম খন্দকার বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন না করায় দেশবাসীর কাছে এটাই প্রমাণিত হয়ে গেছে যে এই নির্বাচন কমিশন সরকারের তাঁবেদার। তাদের আসলে কোনো ক্ষমতাই নেই। কিন্তু তার পরও আমরা নির্বাচন থেকে সরে যাচ্ছি না।’তৈমুর বলেন, ‘আপনারা শান্তিপূর্ণ একটা নির্বাচন আয়োজন করে দেখান, জনগণের রায় আমাদের পক্ষেই যাবে। তৈমুর বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেন, প্রতিটি ভোটকেন্দ্র আমাদেরই পাহারা দিতে হবে। ফলাফল না নিয়ে বাড়ি ফেরা যাবে না।’ তিনি সরকারের উদ্দেশে বলেন, এ নির্বাচনে কারচুপি হলে এটি আর নারায়ণগঞ্জের বিষয় থাকবে না। এটি হবে জাতীয় ইস্যু। আর এই ইস্যুকে কেন্দ্র করেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আপনাদের ধন্যবাদ। আপনারা ছিলেন বলেই আমরা এখন পর্যন্ত নির্বাচনের মাঠে থাকতে পেরেছি। নির্বাচনের দিনও তিনি গণমাধ্যমকর্মীদের ভোটকেন্দ্র দখল, ভোট কারচুপি—এসব ব্যাপারে সজাগ থাকার জন্য আহ্বান জানান।