নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গতকাল সোমবার আওয়ামী লীগের নেতা শামীম ওসমানসহ পাঁচজনের আগাম জামিন মেলেনি। তাঁদের আবেদন ফেরত দিয়েছেন বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ।আগাম জামিনের আবেদন জানানো অপর চারজন হলেন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, জহিরুল ইসলাম পারভেজ, মিজানুর রহমান ওরফে সুজন ও রাজীব দাস।আদালত সূত্র জানায়, গত রোববার হাইকোর্টে আগাম জামিন চেয়ে এই আবেদন করা হয়। আবেদনে বলা হয়, মামলার এফআইআরে শামীম ওসমানসহ আবেদনকারীদের নাম নেই। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আবেদনকারীরা হাইকোর্টে যান।আবেদনকারী পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী।পরে এ কে এম জহিরুল হক প্রথম আলোকে জানান, পাঁচজনের আগাম জামিন চাওয়া হয়েছিল। আদালত জামিন না দেওয়ার কথা বললে পরে আবেদনকারীদের আইনজীবী আবেদন ফিরিয়ে নেন। মৌখিকভাবে তাঁদের হয়রানি বা গ্রেপ্তার না করার আরজি জানানো হলেও আদালত তা প্রত্যাখ্যান করেন।যোগাযোগ করা হলে আবেদনকারীদের আইনজীবী আবদুল বাসেত মজুমদার বলেন, হয়রানি বা গ্রেপ্তার না করার জন্য আবেদন করা হয়। নিয়মিত বেঞ্চে দাখিল করার কথা বলে আদালত আবেদন ফেরত দিয়েছেন। অবকাশ শেষে নিয়মিত বেঞ্চে আবেদন দাখিল করা হবে।নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বড় ছেলে এবং এ বছর ‘এ’ লেভেল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ তানভীর ৬ মার্চ নিখোঁজ হয়। ৮ মার্চ সকালে ১৭ বছরের এই কিশোরের লাশ পাওয়া যায় নারায়ণগঞ্জের চারারগোপে শীতলক্ষ্যা নদীতে। এ ঘটনায় ওই দিনই রফিউর রাব্বি নারায়ণগঞ্জ থানায় মামলা করেন। এতে কারও নাম উল্লেখ ছিল না। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা শামীম ওসমানসহ সাতজনের নাম উল্লেখ করে ১৮ মার্চ পুলিশ সুপারের কাছে অবগতিপত্র দেন। ওই সাতজনের মধ্যে পাঁচজন হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।