শামীম ওসমানের অভিযোগ তদন্তে ইসির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে জঙ্গি হামলা হতে পারে বলে মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের আশঙ্কা তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।গতকাল শনিবার নির্বাচন কমিশনের উপসচিব আবদুল বাতেন নির্বাচন কমিশনের পক্ষে স্বরাষ্ট্রসচিবের কাছে এ চিঠি পাঠান। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, শামীম ওসমানের বক্তব্য অসত্য প্রমাণিত হলে নির্বাচনে বিজয়ী হলেও তাঁর প্রার্থিতা বাতিল হতে পারে।তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকালই একটি অনুষ্ঠানে বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই। দেশে এখন কোনো জঙ্গি নেই বলেও তিনি মন্তব্য করেন। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. শহীদ মিলন মিলনায়তনে সেন্টার ফর প্যালেয়েটিভ কেয়ার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালার-২০১০-এর ৬(১০) ও ১০ অনুচ্ছেদের আলোকে নির্বাচন কমিশন তদন্ত করতে বলেছে। বিধিমালার ৬(১০) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোন প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোন ব্যক্তি নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত চরিত্র হনন করে বা কোন ধরনের তিক্ত বা উসকানিমূলক বক্তব্য দিতে পারবেন না।’নির্বাচন কমিশন ‘জঙ্গি হামলার আশঙ্কা’কে উসকানিমূলক এবং ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হিসেবে মনে করছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, অভিযোগকারী প্রার্থীর অভিযোগ প্রমাণ না হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী, তাঁর প্রার্থিতাও বাতিল হতে পারে। এমনকি নির্বাচনে জিতে গেলেও। নির্বাচনী আইনে ওই বিধান রয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে একজন প্রার্থী নির্বাচনে জঙ্গি হামলা হতে পারে বলে প্রচারণা চালাচ্ছেন। ওই প্রার্থীর কাছে এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্যও রয়েছে বলে তিনি দাবি করছেন। এ ব্যাপারে তিনি নারায়ণগঞ্জ সদর থানায় জিডিও করেছেন। তাঁর এ প্রচারণা ভোটার ও প্রার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এতে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই বিষয়টি তদন্ত করে চিঠিতে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, একজন প্রার্থী গণমাধ্যমে এবং থানায় জিডি করে বলেছেন, জঙ্গি হামলা হতে পারে এবং এ ব্যাপারে তাঁর কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। এটি একটি ভয়ংকর তথ্য। এ বক্তব্য ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।