নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের শ্যালক এহসানুল হাসান ওরফে নিপু গত চার বছর সাত মাসে একটি পরিবহন কোম্পানির কাছ থেকে অন্তত ছয় কোটি ৬০ লাখ টাকা চাঁদা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় তাঁর শ্যালক এই চাঁদা আদায় করেন।চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক স্মারকলিপিতে এই অভিযোগ করেন নসীব পরিবহনের মালিকেরা। স্মারকলিপিতে নসীব পরিবহনের ১৭ জন বাসমালিক স্বাক্ষর করেন।এহসানুল আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপির খালাতো ভাই। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।নসীব পরিবহনের বাস নারাণয়গঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক (সংযোগ) রোড হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল পর্যন্ত চলাচল করে। যাত্রীপ্রতি ভাড়া ১৮ টাকা। এই কোম্পানির মোট ২৪টি গাড়ি আছে।স্মারকলিপিতে বাস মালিকেরা অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরদিনই হাসান কোম্পানির কাছ থেকে প্রতিদিন ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি শামীম ওসমানকে জানানো হলে তিনি এ নিয়ে বাড়াবাড়ি না করতে বলেন। মালিকেরা আরও অভিযোগ করেন, হাসান কোনো বাসের মালিক না হয়েও ২০০৯ সালের ৭ জানুয়ারি নসীব পরিবহন পরিচালনার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করেন। কথিত ওই কমিটিতে তিনি ছাড়াও শামীম ওসমানের অনুগত হিসেবে পরিচিত নাজমুল আলম ওরফে সজল (শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি), রাম সাহা (সাবেক ছাত্রলীগ নেতা), এমরান হোসেন ওরফে বিদ্যুৎ (মেধাবী ছাত্র ত্বকী হত্যা মামলার সন্দেহভাজন আসামি), শাহজালাল বাদল (সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর), সাইফুল ইসলাম ভূঁইয়া (হকার্স লীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক), জামিল রানা (সাবেক ছাত্রলীগ নেতা), নজরুল ইসলামকে (সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর) রাখা হয়। হাসান বাস মালিকদের ভয়ভীতি দেখিয়ে নিজেকে নসীব পরিবহনের চেয়ারম্যান ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী সাইফুলকে ব্যবস্থাপনা পরিচালক ঘোষণা করেন। চেয়ারম্যানের পদ দখলের আগে তিনি প্রতিদিন ১০ হাজার টাকা করে চাঁদা নিতেন। চেয়ারম্যানের পদ দখলের পর তিনি প্রতি মাসে ১৫ লাখ টাকা করে চাঁদা নিতে থাকেন। এভাবে ২০০৯ সালের ৭ জানুয়ারি থেকে ২০১৩ সালের জুলাই পর্যন্ত চার বছর সাত মাসে তিনি নসীব পরিবহন থেকে কমপক্ষে ছয় কোটি ৬০ লাখ টাকা চাঁদা আদায় করেন।অভিযোগ প্রসঙ্গে এহসানুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা মালিকদের গোপন ব্যালটের মাধ্যমে নসীব পরিবহনের চেয়ারম্যান-এমডি হয়েছি। অবৈধভাবে আসিনি। আমরা কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত নই।’নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল প্রথম আলোকে বলেন, নসীব পরিবহনের মালিকদের দেওয়া স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। নসীব পরিবহনের বৈধ চেয়ারম্যান দাবিদার সৈয়দ আশরাফুল আউয়াল প্রথম আলোকে বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নসীব পরিবহনের ভাড়া ছিল ১০ টাকা, প্রতি বাস মালিক মাসে গড়ে ৮০-৯০ হাজার টাকা করে পেতেন। রক্ষণাবেক্ষণ খরচ ছিল কোম্পানির। চাঁদাবাজির কারণে ভাড়া বাড়িয়ে ১৮ টাকা করা সত্ত্বেও বাস মালিকেরা মাসে গড়ে ১০-১৫ হাজার টাকার বেশি পান না। আবার রক্ষণাবেক্ষণ খরচ মালিকদের পকেট থেকেই বহন করতে হচ্ছে।যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নারায়ণগঞ্জের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে বাস ভাড়া কমানোর পক্ষে বেশির ভাগ পরিবহন মালিক। কিন্তু ওসমান পরিবারের চাঁদাবাজির কারণে মালিকেরা ভাড়া কমাতে পারছেন না।অভিযোগ প্রসঙ্গে শামীম ওসমানের সঙ্গে কথা বলতে গতকাল কয়েক দফা তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায়।