শামীম ওসমানের দিকে আওয়ামী লীগের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে শামীম ওসমানকেই সমর্থন দিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের মুখপাত্র মাহবুব উল আলম হানিফ আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে তেমনই ইঙ্গিত দিলেন।আজ এ ব্যাপারে যোগাযোগ করা হলে মাহবুব উল হানিফ প্রথম আলোকে বলেন, ‘আমাদের সমর্থন কার দিকে, এটা নিয়ে নতুন করে বোঝানোর কিছু নেই। কেন্দ্রীয় নেতাদের পদচারণে ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনী আচরণ বিধির মধ্যে থেকে যতটুকু সম্ভব দলের পক্ষ থেকে শামীম ওসমানকে ততটাই সমর্থন দেওয়া হয়েছে।’নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দুই নেতা সেলিনা হায়াত আইভী ও শামীম ওসমান মনোনয়নপত্র জমা দেন। ফলে প্রার্থী হিসেবে কে দলের সমর্থন পাবেন, এ জটিলতা দেখা দেয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব কয়েকবার দুই নেতার সঙ্গে বৈঠক করেও সমস্যার সমাধান করতে পারেননি। এর মধ্যে আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংসদ খালেদ মাহমুদ চৌধুরী ও আবু সায়িদ আল মাহমুদ নারায়ণগঞ্জে গিয়ে শামীম ওসমানকে সমর্থনের কথা জানান। তখন মাহবুব উল আলম হানিফ ও সুরঞ্জিত সেনগুপ্ত জানিয়েছিলেন, তিন নেতার এ বক্তব্য দলের অবস্থান নয়। কিন্তু আজ হানিফের বক্তব্যের মধ্যে দিয়ে বিষয়টি পরিষ্কার হয়ে গেল।