শামীম ওসমানের পোস্টার লাগাতে গিয়ে দিনমজুরের মৃত্যু
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শামীম ওসমানের পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নূর হোসেন (২৮) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার কালু হাজি রোডের টাওয়ার বিল্ডিংয়ের পাশে একটি বৈদ্যুতিক তারে দেয়ালঘড়ি প্রতীকের পোস্টার লাগাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর হোসেন নোয়াখালীর মাইজদী এলাকার রফিক ড্রাইভারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নূর হোসেন সিদ্ধিরগঞ্জের সিআই খোলা বউবাজার এলাকার শামছুল হকের বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল রাত ১০টার দিকে শামীম ওসমানের পোস্টার লাগাতে তিনি কালু হাজি সড়কের আসেন। অন্ধকারের মধ্যে তিনি বিদ্যুতের একটি খুঁটি বেয়ে ওপরে উঠে যান। এ সময় পোস্টার লাগাতে খোলা তারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এরপর তাঁর সঙ্গে থাকা লোকজন লাশটি তড়িঘড়ি করে তাঁর ভাড়া বাড়িতে নিয়ে যান। বিষয়টি জানাজানি হওয়ার আগেই রাত সাড়ে ১২টার দিকে পাইনাদি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা আজ সকালে বলেন, ‘এ ব্যাপারে পুলিশ এখন পর্যন্ত কিছু জানে না। তবে আমরা বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখব।’