নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে কাকে সমর্থন দেওয়া হবে, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সাবেক পৌর মেয়র সেলিনা হায়াত আইভী ও সাবেক সাংসদ শামীম ওসমান—দুজনই দলের সমর্থন পেতে চান।দলীয় সূত্র জানায়, ইতিমধ্যে আপসরফা হিসেবে একজনকে আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়ন এবং অন্যজনকে মেয়র পদে দলীয় সমর্থনের প্রস্তাব দেওয়া হলেও দুজনই মেয়র পদের জন্য অনড় অবস্থান নিয়েছেন। তাই সিদ্ধান্ত নিতে পারছেন না শীর্ষস্থানীয় নেতারা। তাঁরা মনে করছেন, এই সিদ্ধান্তের ওপর নির্ভর করবে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ভবিষ্যৎ। এই পরিস্থিতিতে বিষয়টি দলের সভানেত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দেওয়ার কথা জানালেন একাধিক শীর্ষস্থানীয় নেতা।আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের সূত্র জানায়, দেশে ফিরলে দলীয় সমর্থন প্রত্যাশী দুই প্রার্থীর সঙ্গেও শেখ হাসিনা কথা বলতে পারেন। সব দিক বিবেচনা করেই তিনি আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করবেন। তবে আপাতত দুজনকেই মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। সিদ্ধান্তের পর একজনকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে বলা হবে।সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে দলের একজন শীর্ষস্থানীয় নেতার সঙ্গে মেয়র পদে প্রার্থীর সমর্থন নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী শামীম ওসমান ও আইভীকে ডেকে একজনকে মেয়র এবং অন্যজনকে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কথা বলে সমঝোতার নির্দেশ দেন। কিন্তু সম্ভাব্য দুই প্রার্থীই মেয়র পদ ছাড়তে সম্মত না হওয়ায় বিষয়টি এগোয়নি। পরে দলের ওই শীর্ষস্থানীয় নেতা মাঠ পরিস্থিতি, গোয়েন্দা প্রতিবেদন এবং দলীয় মতামতের ভিত্তিতে প্রার্থী সমর্থন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে মত প্রকাশ করেন। আবার কোনো প্রার্থীকে সমর্থন না দিয়ে মেয়র পদ উন্মুক্ত করে দেওয়ার বিষয়েও দলে আলোচনা আছে।নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন নীতিনির্ধারক প্রথম আলোকে বলেন, মাঠে আইভীর অবস্থান ভালো। কিন্তু তাঁকে দলীয় সমর্থন দেওয়া হলে শামীম ওসমানসহ তাঁর ভাইয়েরা বিরোধিতা করতে পারেন। তাই প্রার্থী সমর্থন দেওয়ার বিষয়ে বাড়তি সতর্কতা দরকার।আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই নির্বাচনে মেয়র পদে প্রার্থী সমর্থনের ওপর নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে। অনেকেই মনে করেন, দলের দুর্দিনে শামীম ওসমানকে পাওয়া যায় না। মেয়র নির্বাচিত হলে যে তিনি দলের দুঃসময়ে থাকবেন, এমন নিশ্চয়তা নেই। তা ছাড়া গোটা নারায়ণগঞ্জ শামীম ওসমানের ভাইদের নিয়ন্ত্রণে। পরিবহন, গার্মেন্টসহ ব্যবসা-বাণিজ্য তাঁরা নিয়ন্ত্রণ করেন। শামীম মেয়র হলে দলও তাঁদের নিয়ন্ত্রণে চলে যাবে। তাঁদের অনুগত না হলে নারায়ণগঞ্জে অন্য কেউ আওয়ামী লীগ করতে পারবেন না। তাই কেন্দ্রীয় নেতাদের অনেকেই মনে করেন, দলের ভবিষ্যতের জন্যই এক পরিবারের হাতে সবকিছু ছেড়ে দেওয়া ঠিক হবে না।দলীয় নেতাদের মতে, আইভী আওয়ামী লীগের সমর্থন পেলে নারায়ণগঞ্জে দলে ভারসাম্য আসবে। তা ছাড়া পৌর মেয়র হিসেবে তাঁর কাজের কারণে তিনি কেবল আওয়ামী লীগে নয়, সব শ্রেণীপেশার মানুষের সমর্থন পাবেন। নারায়ণগঞ্জবাসী আইভীকে একজন সফল পৌর মেয়র বলেই মনে করে।নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী সমর্থনের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, এখন সবকিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। মাঠের অবস্থা এবং কর্মী-সমর্থকদের মতামত বিবেচনায় নিয়ে প্রার্থী সমর্থন দেওয়া হবে।