শামীমকেই বেছে নিচ্ছে আ.লীগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে শামীম ওসমান আওয়ামী লীগের সমর্থন পাচ্ছেন বলে দলীয় কয়েকটি সূত্র থেকে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে দলের স্থানীয় নেতা-কর্মীদের অবস্থান ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় নিয়ে প্রার্থী-সমর্থন চূড়ান্ত করেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে দলের অপর প্রার্থী সেলিনা হায়াত আইভীর সঙ্গে আলোচনা করা হবে বলে সূত্রগুলো জানিয়েছে।নারায়ণগঞ্জে মেয়র পদে দুই প্রার্থী নিয়ে স্থানীয় আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এমনকি ক্ষমতাসীন দলটির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে এ নিয়ে মতভিন্নতা রয়েছে।দলীয় সূত্রগুলো জানায়, কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের একাংশ মনে করেন, জনপ্রিয়তার বিবেচনায় আইভীকে সমর্থন দিলে তিনি বিজয়ী হবেন। তাতে স্থানীয়ভাবে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান মজবুত হবে। আর শামীম ওসমান দলীয় সমর্থন নিয়ে জিতলে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিএনপি তা নিয়ে আন্দোলন ও বিতর্ক তোলার সুযোগ পাবে। আবার আওয়ামী লীগের কোনো কোনো নেতার মত, নারায়ণগঞ্জে শামীম ওসমানের বিকল্প কেউ নেই। তবে এ বিষয়ে দলের কেন্দ্রীয় কোনো নেতা গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।সূত্র জানায়, আওয়ামী লীগের দু-তিনজন কেন্দ্রীয় নেতা গত শুক্রবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় নারায়ণগঞ্জের সিটি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের কথা হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মেয়র পদে শামীম ওসমানকে সমর্থন দেওয়ার কথা বলেন। গতকাল শনিবার সংবাদ সম্মেলনেও নারায়ণগঞ্জের প্রসঙ্গটি আলোচিত হয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, ‘নারীর ক্ষমতায়নের জন্য আপনি সম্প্রতি সাউথ সাউথ পুরস্কার পেয়েছেন। নারায়ণগঞ্জের মেয়র পদে দলীয় সমর্থনের ক্ষেত্রে নারী প্রার্থীর বিষয়টি বিবেচনা করবেন কি না।’ জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রার্থী সমর্থনের ক্ষেত্রে নির্বাচনে জয়ের জন্য যাঁর সম্ভাবনা থাকবে, তাঁর বিষয়টিই গুরুত্ব দেওয়া হবে। এখানে নারী বা পুরুষ কোনো বিষয় নয়। দলীয় সূত্র জানায়, গতকাল সংবাদ সম্মেলনের আগেও প্রধানমন্ত্রী দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতার সঙ্গে কথা বলেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ছিলেন এ আলোচনায়। সেখানেও শামীম ওসমানের নাম আলোচিত হয়। দায়িত্বশীল এক নেতা বলেন, আইভীকে আস্থায় নিয়েই শামীমকে সমর্থন দেওয়া হবে। প্রধানমন্ত্রী নিজেই আইভীর সঙ্গে কথা বলতে পারেন। আইভীর জনসমর্থন, দলের প্রতি তাঁর পরিবারের ত্যাগ ও তাঁর ব্যক্তিগত যোগ্যতা-সামর্থ্যের বিষয়ে প্রধানমন্ত্রী অবগত আছেন। তাঁকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলা হতে পারে। এ ছাড়া তাঁকে চলতি সংসদে সংরক্ষিত আসনে নারী সাংসদ করার প্রস্তাব করা হতে পরে। এদিকে নারায়ণগঞ্জের রাজনৈতিক সূত্রগুলো জানায়, সেখানকার বিএনপির নেতারাও মনে করেন, শামীম ওসমান আওয়ামী লীগের সমর্থন পেলে তাতে রাজনৈতিকভাবে বিরোধী দল লাভবান হবে। কারণ তাঁরা শামীম ওসমানের ‘গডফাদার’ তকমাকে সামনে এনে নির্বাচনী প্রচার চালাতে পারবে। আর শামীম ওসমান জিতলে বলপ্রয়োগের অভিযোগ তুলে আন্দোলনের নামার অজুহাত তৈরি করাও বিএনপির পক্ষে সহজ হবে বলে দলটির স্থানীয় অনেক নেতা মনে করেন।