শামীমের সহযোগিতার ধরন নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বাস্তবতায় নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমানের একসঙ্গে কাজ করা আদৌ সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক বিশ্লেষকেরা।গতকাল বৃহস্পতিবার শামীম ওসমানের মিছিল ও কর্মিসভার পর নারায়ণগঞ্জের কয়েকজন বাসিন্দা বলেন, শামীম ওসমান কী সহযোগিতা করবেন, এ ঘটনায় তা স্পষ্ট হয়ে গেছে। তবে শামীম ওসমানের দাবি, তিনি ‘নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি’ থেকে বেরিয়ে আসতে চান। সে জন্যই ‘চেঞ্জ ইমেজ, চেঞ্জ নারায়ণগঞ্জ’ স্লোগান নিয়ে নারায়ণগঞ্জের মানুষের কাছে গিয়েছেন। তিনি শহরের উন্নয়নে সেলিনা হায়াৎ আইভীকে সহযোগিতা করতে চান। ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গণভবনে সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমানকে ডেকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন।সহযোগিতার ক্ষেত্রটি কী হবে—জানতে চাইলে পরাজিত প্রার্থী শামীম ওসমান প্রথম আলোকে বলেন, ‘আমার কথার পরিপ্রেক্ষিতে নেত্রী দুজনকে মিলেমিশে কাজ করার পরামর্শ দেন। আমি প্রধানমন্ত্রীকে বলেছি, রাজনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে চাই। আমি নির্বাচনের দিনই এই সদিচ্ছার প্রকাশ ঘটিয়েছি। চাইলেই ঝামেলা করতে পারতাম।’শামীম ওসমান আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিচালনায় সাংসদের সম্পৃক্ততার বিষয়টি নিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কথা হয়। শামীমের মতে, সাংসদেরা সিটি করপোরেশন চালানোয় পরামর্শ দিতে পারেন। তাঁদের কথা ‘জনগণের কথা’। সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা সামান্য। কোনো বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে মেয়র একা কথা বললে যে ফল পাওয়া যাবে, সাংসদসহ বললে তার চেয়ে বেশি ফল পাওয়া যাবে।শামীম ওসমানের ভাই নাসিম ওসমান জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাংসদ।সাংসদের সহযোগিতার ব্যাপারে প্রশ্ন করা হলে মেয়র আইভী বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তিনি সরকারের সহযোগিতায় কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করবেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, মেয়রের কাজ আর সাংসদের কাজ সুনির্দিষ্টভাবে আইনে বলা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিলেমিশে কাজ করার পরামর্শ নিয়ে নারায়ণগঞ্জের মানুষের মনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দলের শীর্ষ নেতৃত্ব শামীম ওসমানকে পুনর্বাসন করতে চাইছে। শামীম ওসমানের শক্তিতে নারায়ণগঞ্জের সাংসদ নাসিম ওসমান চলেন। শামীম ওসমান সাংসদের পরামর্শ নেওয়ার কথা বলছেন। তিনি আসলে নাসিম ওসমানকে দিয়ে তাঁর স্বার্থ হাসিল করতে চান। স্থানীয় সরকার-বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, সিটি করপোরেশনে সাংসদদের সম্পৃক্ততার যে কথা উঠছে, তার আইনগত কোনো ভিত্তি নেই। সিটি করপোরেশনের মেয়র কাউন্সিলরদের নিয়ে কাজ করবেন। সাংসদের কথা শোনা তাঁর জন্য জরুরি নয়। উপজেলাগুলোয় সাংসদদের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ ধরনের কর্তৃত্বমূলক আচরণ স্থানীয় সরকারের চলার পথকে বাধাগ্রস্ত করছে।নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বী প্রথম আলোকে বলেন, নগরের উন্নয়নে একসঙ্গে কাজ করা ভালো। কিন্তু নারায়ণগঞ্জের বাস্তবতায় এটা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন আছে। অশুভ শক্তির সংমিশ্রণ ঘটলে উন্নয়ন কাজ বাধা পাবে।