শামুক বেচে জীবন চলে
মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার জলাভূমিতে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া শামুক জীবিকা অর্জনের অন্যতম অবলম্বন হয়ে উঠেছে এ অঞ্চলের নিম্নবিত্ত হাজার হাজার মানুষের। বর্ষা মৌসুমের কর্মহীন সময়ে এই শামুক কুড়িয়ে বিক্রি করা টাকা দিয়েই জীবিকা নির্বাহ করছেন তাঁরা। এসব শামুক ব্যবসায়ীদের মাধ্যমে দক্ষিণাঞ্চলের মাছের ঘেরে চলে যাচ্ছে। বিশেষ করে সেখানে চাষ করা চিংড়ির খাবার হিসেবে এগুলো ব্যবহূত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নির্বিচারে শামুক নিধনের ফলে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। কমে যাচ্ছে এই অঞ্চলের মাটির উর্বরা শক্তি। শামুক সংগ্রহের স্থান: মাদারীপুরের বাঘিয়ার বিল, শশীকর বিল, লখণ্ডার বিল, পাতার বিল, বড়হাটের বিল, লক্ষ্মীপুর বিল, হিজলবাড়ির বিল, গোপালগঞ্জের চান্দার বিল, বড়বিল, মোল্লার বিল, উজানীর বিল, সিঙ্গার বিল, রাঘদীর বিল, বাওনবাড়ি বিল, চামটার বিল, শরীয়তপুরের লক্ষ্মীপুর বিল, আঙ্গারিয়ার জলাভূমিসহ প্রায় অর্ধশত বিল থেকে প্রতিদিন কয়েক হাজার মণ শামুক সংগ্রহ করা হচ্ছে। ব্যবসায়ীরা প্রতি বস্তা ২০০ থেকে ২২০ টাকায় কিনে ট্রলার বা ট্রাকে করে এসব শামুক বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের মাছের ঘেরের মালিকদের কাছে ২৬০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি করছে। চিংড়িসহ চাষ করা অন্য মাছ দ্রুত বৃদ্ধিতে কম খরচে খাদ্য হিসেবে শামুকের মাংসের কোনো বিকল্প নেই। তাই এর চাহিদাও বেশি। এ কারণে এই অঞ্চলের ঘেরের মালিক ও ব্যবসায়ীরা মহাজনদের কাছ থেকে শামুক কিনছে। শামুক সংগ্রহ ও দরিদ্রদের জীবিকা অর্জনমাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের হুগলি গ্রামের ওয়াজেদ আলী এই বর্ষা মৌসুমে শামুক বিক্রির টাকা দিয়েই সংসার চালান। দুই ছেলে ও চার মেয়ে নিয়ে তাঁর সংসার। তিনি নিজে ও ছেলেমেয়েরা মিলে প্রতিদিন দেড় থেকে দুই বস্তা শামুক ধরেন। আয় হয় আড়াই শ থেকে সাড়ে তিন শ টাকা। বর্ষার কর্মহীন মৌসুমে এই টাকা দিয়েই চলে বড় এই পরিবারের খরচ। সদর উপজেলার কালিকাপুরের দরিদ্র গৃহিণী মনোয়ারা বেগম। বৃদ্ধ স্বামী উপার্জনে অক্ষম। প্রতিদিন ঝুড়ি নিয়ে ধানখেত থেকে শামুক সংগ্রহ করেন। প্রতিদিন এক বস্তার মতো শামুক সংগ্রহ করতে পারেন তিনি। পাইকারদের কাছে তা বিক্রি করে ১৫০ থেকে ১৮০ টাকা পান। তাই দিয়ে তাঁর বেশ ভালোভাবে সংসার চলে।শামুক সংগ্রহ করে নিজের পড়ালেখার খরচসহ বিভিন্ন খরচ জোগাড় করে সদর উপজেলার গৌদী এলাকার কিশোর হান্নান। অভাবের সংসারে মায়ের হাতে প্রতিদিন কিছু টাকাও তুলে দিতে পারে সে। শামুক সংগ্রহের জন্য ছোট একটি ডিঙি নৌকা থাকলে প্রতিদিন পানিতে ভিজতে হলেও তার কোন কষ্ট থাকবে না বলে জানায় হান্নান।শামুক ধরার প্রক্রিয়া: ফসলের খেতে ধান, পাট জাতীয় যেকোনো ফসল বা কচুরিপানার গায়ের ওপর ভর করে পানিতে ভেসে থাকে শামুক। জালের তৈরি ঢুশি (ফাঁদ) দিয়ে পানিতে ভাসমান অবস্থায় থাকায় শামুক ধরা হয়। ছোট ডিঙি নৌকা চালিয়ে এক খেত থেকে আরেক খেতে গিয়ে সংগ্রহ করা শামুক নৌকার মধ্যে রাখা হয়। বৈশাখ মাসের মাঝামাঝি থেকে শামুক আহরণ শুরু হয় এবং চলে অগ্রহায়ণ মাস পর্যন্ত। তবে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র মাস হচ্ছে শামুক ধরার ভরা মৌসুম। মাছ কমে যাওয়ায় কিছু জেলে পরিবার এ পেশায় জড়িয়ে পড়ছে। খুব ভোর থেকে পানিতে ভেসে থাকা শামুক ধরা শুরু করতে হয়। কারণ রোদের তীব্রতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এরা পানির নিচে চলে যায়।শামুকের বাজার: জলাশয়ের ধারে রাস্তার পাশে গড়ে উঠেছে শামুকের প্রধান বাজার। ফরিদপুর-বরিশাল মহাসড়ক ও মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের পাশে এনে জড়ো করা ট্রাকে তুলে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। এই অঞ্চলের প্রধান কয়েকটি বিক্রয় কেন্দ্র হলো গোপালগঞ্জের চান্দা বিল, টেকেরহাট বন্দর ও সংলগ্ন এলাকা, রাঘদী ও খালিয়া এলাকা, মাদারীপুরের ঘটকচর, মস্তফাপুর, খোয়াজপুর-টেকেরহাট, সাধুর ব্রিজ, ছিলারচর, শরীয়তপুরের আঙ্গারিয়া, খোয়াজপুর বন্দর এলাকায় চলে শামুক কেনাবেচা।গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় সড়কের পাশে রাখা হয়েছে শতাধিক বস্তা শামুক। পাইকারদের কাছ থেকে বস্তা হিসেবে শামুক কিনে নিচ্ছেন মহাজনেরা। মহাজনের কাছে শামুক বিক্রি করতে আসা পাইকার মাদারীপুর সদর উপজেলার হুগলীর মোহাম্মদ সিরাজ বলেন, এলাকার দরিদ্র ছেলেমেয়েরা শামুক ধরে। অনেক গরিব মানুষ বর্ষার দিনে কাজ না থাকায় এই শামুক ধরে বিক্রি করে। ঘটকচর এলাকার মহাজন হেলাল হাওলাদার বলেন, ‘বিভিন্ন ফড়িয়ার কাছ থেকে বস্তা হিসেবে শামুক কিনে থাকি। আজ ২০ হাজার টাকার শামুক কিনেছি। এখন ট্রাকে করে এই শামুক খুলনা পাঠাব। শামুকের ব্যবসা কাঁচামালের ব্যবসার মতো, প্রতিদিন অবস্থার পরিবর্তন হয়।’ তিনি বলেন, ‘খুলনার বটতলা, রায়েরমহল, চিতলমারী, গুদারা ও আলমঘাটা এলাকায় নিয়ে গিয়ে এই শামুকগুলো বিক্রি করি। দক্ষিণাঞ্চলের লোনা পানিতে শামুক হয় না। তাই আমাদের এই অঞ্চলের শামুকের বেশ চাহিদা রয়েছে। এই শামুক ভেঙে ভেতরের অংশ বিভিন্ন খামারে মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয়। যে খোলসগুলো থাকে তাও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। অনেকে বর্ষার দিনে এই শামুক ধরে সংসার চালায়।’,জেলা কৃষি কর্মকর্তা যা বলেন মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কফিল উদ্দিন বলেন, যেকোনো মৃত জীবের অবশিষ্ট অংশ পচে-গলে জৈব সার হয়। তেমনি এই অঞ্চলের শামুক শুকনো মৌসুমে মাটির সঙ্গে মিশে যায়। যা জমির উর্বরা শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। আবার ফসলি জমিতে অতিরিক্ত শামুক হলেও তা ফসলের জন্য ক্ষতিকর হতে পারে। আমাদের এই শামুক প্রাকৃতিক সম্পদ। আমার জানা মতে, এই অঞ্চল থেকে নিয়ে যাওয়া শামুকের ভেতরের অংশ মাছের খাদ্য হিসেবে ব্যবহূত হয়। খোলস ব্যবহার হয় চুন ও সার তৈরিতে। তা ফেলে দেওয়া হয় না। তবে নির্বিচারে শামুক নিধন এই অঞ্চলের জমির উর্বরা শক্তি বৃদ্ধি ও খাদ্য-শৃঙ্খলের জন্য ক্ষতিকর। পরিবেশের ওপর প্রতিক্রিয়া পরিবেশ গবেষণাপ্রতিষ্ঠান সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (সেড) পরিচালক ফিলিপ গাইন বলেন, এ অঞ্চলের জলাভূমির শামুক অনেক কিছুরই খাবার। মাছে খায়, পাখিতে খায়। তা ছাড়া পানির অনেক ময়লা-আবর্জনা শামুকের খাবার। ব্যাপকহারে শামুক নিধন জলাভূমির খাদ্য-শৃঙ্খলাও নষ্ট করে। যে শামুকগুলো বর্ষার শেষে মাটিতে বসে তা সেখানেই পচে সার হয়। জমিতে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের জোগান দেয়।তিনি আরও বলেন, এই অঞ্চলে যেসব শামুক ধরা হয়, তা মূলত অ্যাপেল স্নেইল (আপেল শামুক) গোত্রের। এই শামুক ধরে নিয়ে দক্ষিণাঞ্চলের মাছের ঘেরের যে চিংড়িকে খাওয়ানো হচ্ছে সেগুলো আমাদের দেশের মানুষ পাচ্ছে না। কয়েক বছর আগে আমরা দেখেছি শুধু গোপালগঞ্জ থেকেই প্রতিদিন পাঁচ শ বস্তা শামুক ধরা হতো। এটি নিঃসন্দেহে এই অঞ্চলের জন্য নেতিবাচক।