শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শেষ হচ্ছে আজ। আজ রোববার, শুভ বিজয়া দশমী। দেবীপক্ষের সমাপ্তি। দশমী বিহিত পূজা শেষে আজ প্রতিমা বিসর্জন ও এক বছরের জন্য দেবী দুর্গার স্বর্গালোকে প্রত্যাগমন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী এসেছিলেন দোলায় করে। আর যাবেন গজের পিঠে চড়ে, সমগ্র বসুন্ধরাকে শস্যপূর্ণ করে দিয়ে।শুভ বিজয়া দশমীতে দেবীর বিসর্জন উপলক্ষে আজ ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপ ঘিরে বিরাজ করবে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন মণ্ডপের জনাকীর্ণ স্থানে বসবে দশহরার মেলা। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে নৌকাবাইচ, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে ঢাকের বাদ্যে আর শঙ্খধ্বনিতে হাজারো ভক্ত দেবীকে বিদায় জানাবেন। সকাল নয়টা ৫৭ মিনিট ১৪ সেকেন্ডে সব মন্দিরে বিজয়া দশমীর পূজা অনুষ্ঠিত হবে। পূজা শেষেই শুরু হবে দেবীর বিসর্জন-প্রক্রিয়া। বিজয়া উপলক্ষে আজ সরকারি ছুটি। শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বঙ্গভবনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।দিনটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা দেশের সব সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে। গতকাল শনিবার শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ষোড়শ উপচারে দেবীর পূজা হয়েছে মণ্ডপে মণ্ডপে। এ ছাড়া গতকাল সব মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে সন্ধিপূজা। পুরোহিতেরা জানিয়েছেন, মহাষ্টমীর শেষ ২৪ মিনিট এবং মহানবমীর প্রথম ২৪ মিনিট—এই ৪৮ মিনিটে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়।গতকাল সন্ধ্যায় রাজধানী ঢাকার দুই শতাধিক পূজামণ্ডপের সব মন্দিরেই সন্ধ্যারতি ছাড়াও ছিল বিশেষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, সূত্রাপুরের রাম-সীতা মন্দিরে আরতি প্রতিযোগিতা ছিল উল্লেখ করার মতো। বনানী পূজামণ্ডপে জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শাঁখারীবাজার ও তাঁতীবাজারের প্রতিদ্বন্দ্বী মন্দির ও শংঘ মিত্র মন্দিরেও আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রামকৃষ্ণ মিশনে সকাল থেকে ছিল দর্শনার্থীদের ভিড়। সেখানে ভক্তিমূলক গান, ভজনসংগীত উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে। গতকালও ঢাকার মেয়র সাদেক হোসেন এবং মন্ত্রিপরিষদের সদস্যরা ঢাকার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন। মেয়র ও মন্ত্রীরা মণ্ডপে পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।