শারদোৎসবের দোলা...
রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলার মধ্যেও থেমে নেই নগরের পূজামণ্ডপগুলোর ব্যস্ততা। সর্বজনীন শারদীয় দুর্গোৎসবটি যে সর্বজনীন, তা টের পাওয়া যায় নগরের মণ্ডপগুলোতে। নগরজুড়ে নানা আয়োজন নগরবাসীর বিনোদনের খোরাক জোগায়। মণ্ডপগুলোর পাশে কোনোটিতে থাকে মেলা আবার কোনোটিতে থাকে ঘুরে বেড়ানোর মতো খোলা জায়গা। ফলে দিন কিংবা রাত সব সময়ই পূজামণ্ডপগুলোতে থাকে নগরবাসীর ভিড়। ষষ্ঠীর দিন থেকে দুর্গাপূজাকে ঘিরে নগরের উল্লেখযোগ্য আয়োজনের খোঁজ আগাম জানাচ্ছেন আলী আসিফ, আজহার হোসেন ও কাওছার শাকিলশাঁখারীবাজার-তাঁতীবাজারতাঁতীবাজার আর শাঁখারীবাজার ঢাকার সবচেয়ে ঘিঞ্জি এলাকা। আবার ঢাকার সবচেয়ে বেশি হিন্দু ধর্মাবলম্বীর বসবাসও এখানে। ফলে দর্শনার্থীরা শুধু তাঁতীবাজার আর শাঁখারীবাজারের সরু গলির ভেতরই দেখতে পাবেন একে একে ১৯টি মণ্ডপ। তাঁতীবাজার-শাঁখারীবাজার এলাকার অলিগলিগুলো একটার সঙ্গে আরেকটা এমনভাবে ঘেঁষে রয়েছে যে একটা মণ্ডপের প্যান্ডেল শেষ হতে হতে অন্য আরেকটা মণ্ডপের প্যান্ডেল শুরু হয়। মণ্ডপগুলো দেখতে হলে ঢুকতে পারেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির তাঁতীবাজার মোড়ে। মোড়েই রয়েছে সুদৃশ্য পূজা ফটক। ফটকের সামনে এক প্রস্থ তল্লাশির পর তবেই ঢোকা যাবে তাঁতীবাজারের ভেতর। ভেতরে যেতে যেতে চোখে পড়বে মণ্ডপগুলো। পথটি ঘিঞ্জি হলেও মণ্ডপের পর মণ্ডপগুলো এমনভাবে সাজানো থাকে যে পথ চিনে নিতে কষ্ট হবে না। তাঁতীবাজার পূজা কমিটির বাবুল দাস জানান, পূজায় সব ধর্মের লোক আসেন। সবার জন্যই আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী বুধবার থেকে শাঁখারীবাজার-তাঁতীবাজারের পূজা শুরু হবে। চলবে টানা পাঁচ দিন।শাঁখারীবাজার আর তাঁতীবাজারের পূজার মণ্ডপগুলো বসানো হয় উঁচু করে। কোথাও প্রতিমা মঞ্চের নিচ দিয়ে আবার কোথাও মঞ্চের পাশ দিয়ে যেতে যেতে মনে হতে পারে কোনো রোমাঞ্চকর অভিযানের কথা। আবার মঞ্চের ওপরে থাকা প্রতিমা, আলোকসজ্জা আর আবহসংগীতে মুগ্ধ হবে যে কেউ। এর সঙ্গে সঙ্গে আরতি প্রতিযোগিতা, ভক্তিমূলক গানের অনুষ্ঠানের পাশাপাশি দিনভর থাকবে অতিথি আপ্যায়নের ব্যবস্থা। এসবের পাশাপাশি তাঁতীবাজার-শাঁখারীবাজরের পুরোনো আর ঐতিহ্যবাহী খাবারের দোকানগুলোয় ঢুঁ মারতে পারেন। মিষ্টি, নাড়ু, দই, সন্দেশের আয়োজন দেখে লোভ সামলাতে না পারলে টুপটাপ খেতেও পারেন। রাস্তার ধারে বসা ভক্তিমূলক গানের সিডি, ধূপকাঠি, ঘুড়ি, নাটাইয়ের পাশাপাশি শাঁখা, সিঁদুর, মাটির তৈজসপত্রও কেনা যেতে পারে। ঘুরে দেখতে দেখতে তাঁতীবাজার হয়ে শাঁখারীবাজারের ভেতর দিয়ে একেবারে চলে আসা যাবে শাঁখারীবাজারের মেলায়। শাঁখারীবাজার শনিদেবের মন্দির থেকে জনসন রোডের কোর্ট-কাচারি পর্যন্ত মেলার ব্যাপ্তি। ফলে কেউ যদি গলি-ঘুপচি এড়িয়ে শুধু মেলায় আসতে চান তবে জনসন রোডের মেলার ফটক দিয়ে ঢুকতে পারেন।১৭ অক্টোবর বুড়িগঙ্গা নদীর বীণা স্মৃতি ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তাঁতীবাজার-শাঁখারীবাজারের উৎসব শেষ হবে।গুলশান-বনানীদেবী দুর্গাকে সাড়ম্বরে বরণ করতে বনানী-গুলশান-বারিধারা-ডিওএইচএসের বাসিন্দারা গড়ে তুলেছেন গুলশান-বনানী সর্বজনীন পূজা পরিষদ। ২০০৮ সালে প্রথমবারের মতো বনানীর মাঠে এই আয়োজন করা হয়। সেই থেকে এখনো পর্যন্ত অসামপ্রদায়িক চেতনায় জাঁকজমকপূর্ণ শারদীয় উৎসব পালিত হচ্ছে কামাল আতাতুর্ক এভিনিউয়ের পাশে বনানী মাঠে। ৭ অক্টোবর মহালয়ার দিন থেকেই শারদীয় এই উৎসব শুরু হচ্ছে বলে জানালেন গুলশান-বনানী সর্বজনীন পূজা পরিষদের সভাপতি কানুতোষ মজুমদার। দেবীর দোলায় আগমন দিয়ে শুরু হচ্ছে তাঁদের আয়োজন। ষষ্ঠীর দিন দেবীর বোধন থেকে শুরু করে বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের পর শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। ষষ্ঠী থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকবে অভ্যাগতদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আরতি পরিবেশনা। দুপুর একটা থেকে দুইটা এবং বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটায় চলবে প্রসাদ বিতরণ। কানুতোষ মজুমদার জানান, তাঁদের এখানে প্রতিদিন দুপুরে প্রায় আট হাজার এবং রাতে প্রায় ২০ হাজারের মতো দর্শনার্থীর সমাগম ঘটে। তাঁদের মণ্ডপ দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমায়। মন্দিরে ঢোকার দীর্ঘ সারি বনানী ২৭ নম্বরের মাঠ থেকে কাকলী পর্যন্ত ছড়িয়ে পড়ে বলেও জানালেন তিনি। আর ভিড় হবেই বা না কেন। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত টানা চার দিনের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পীরা যে সবাই দেশবরেণ্য। নগরের সবচেয়ে অভিজাত এলাকার বাসিন্দাদের এই আয়োজনে সাড়া দিয়ে এবারও সন্ধ্যা থেকে গভীর রাত অবধি সাংস্কৃতিক অনুষ্ঠানে কলা-কুশলী আর দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকবে। গুলশান-বনানী সর্বজনীন পূজা পরিষদের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় বললেন, দেশের মন্ত্রী, আমলা, রাজনীতিবিদ থেকে শুরু করে শিল্পী, সাহিত্যিক, কবি—সবাই এখানে আসেন। আমরা এখানে সবাই মিলে পূজা করি। উৎসবটাকেই প্রাধান্য দিই। বাংলার আবহমানকালের উৎসবটাকে রীতি অনুযায়ী আয়োজনের চেষ্টা করে থাকি।’ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত টানা চার দিনের এই সাংস্কৃতিক আয়োজনের রিহার্সেল এরই মধ্যে শুরু হয়েছে বলে জানালেন শিল্পী বুলবুল মহলানবীশ। রাত আটটা থেকে ১০টায় প্রথম পর্ব। ১৫ মিনিট বিরিতির পর আবার সোয়া ১০টা থেকে রাত ১২টা অবধি চলবে দ্বিতীয় পর্বের আয়োজন। ষষ্ঠীর দিন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আগমনী নৃত্য। আগমনী গান শোনাবেন অল্পনা রায়। এরপর রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন অদিতি মহসীন। দীজেন্দ্রলাল রায়ের গান পরিবেশন করবেন জান্নাত ই ফেরদৌসী। এরপর রয়েছে অতুল প্রসাদের গান, হারানো দিনের গান ও নজরুলগীতি। এ ছাড়া রয়েছে একক ও দলীয় নৃত্য পরিবেশনা। প্রথম পর্বের সর্বশেষ আকর্ষণ হিসেবে থাকবে চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায়ের লোকগীতি। ষষ্ঠীর দিন দ্বিতীয় পর্বে থাকবে যাত্রাপালা। একইভাবে সপ্তমীর দিন থেকে শুরু করে নবমীর দিন পর্যন্ত সুবীর নন্দী, তপন চৌধুরী, ফাহমিদা নবী, আলম আরা মিনু, আবিদা সুলতানা, রফিকুল আলম, এস ডি রুবেল, সুজিত মোস্তফা, রিজিয়া পারভিন, শাকিলা জাফরের মতো জনপ্রিয় শিল্পীরা মাতিয়ে যাবেন উৎসবের এই কটা দিন। প্রতিদিনই দ্বিতীয় পর্বে থাকছে নাটক নয়তো যাত্রাপালা। এ ছাড়া অষ্টমীতে থাকছে দ্বিতীয় পর্বে খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে আসা আদিবাসী শিল্পীদের নৃত্যানুষ্ঠান।সিদ্ধেশ্বরী কালীমন্দিরমালিবাগ, মৌচাক, সিদ্ধেশ্বরী এলাকার সবচেয়ে বড় পূজার আয়োজন করে থাকে সিদ্ধেশ্বরী কালীমন্দির। ২০ বছর ধরে শারদীয় দুর্গাপূজার আয়োজন নিয়মিত হচ্ছে সিদ্ধেশ্বরীর এই মন্দিরে। সর্বজনীন কল্যাণ কামনায় আয়োজিত শারদীয় উৎসব উপলক্ষে চলছে শেষ সময়ের প্রস্তুতি। দেবীকে সাজাতে ব্যস্ত তাই কারিগরেরা। পূজার কার্ড বিতরণ আর পূজার নিমন্ত্রণে ব্যস্ত সিদ্ধেশ্বরী সর্বজনীন পূজা কমিটির লোকজন। সিদ্ধেশ্বরী কালীমন্দিরে মহাসপ্তমী ও মহাঅষ্টমীর দিন সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে আরতি প্রতিযোগিতা। হাতে আরতির ডালি নিয়ে নেচে-গেয়ে দেবী দুর্গাকে তুষ্ট করার প্রতিযোগিতায় নামতে পারেন। দেবীর সন্তুষ্টি সাধনের সঙ্গে সঙ্গে নিজের থলিতেও ভরতে পারবেন পুরস্কার। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হবে বলে জানালেন সিদ্ধেশ্বরী সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির যুগ্ম সম্পাদক সুব্রত দে মিন্টু। আরতি প্রতিযোগিতার প্রথম দিনটি কেবল পূজা উদ্যাপন কমিটির পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর দ্বিতীয় দিন অর্থাৎ অষ্টমীর দিন প্রতিযোগিতা উন্মুক্ত থাকবে সবার জন্য।ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবের আমেজে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যবারের মতো এবারও সুবীর নন্দী, মমতাজ, শুভ্রদেবের মতো শিল্পীরা আসবেন বলে জানালেন সিদ্ধেশ্বরী সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন রায় নন্দী। তবে এবার মহানবমীর দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানটি সিদ্ধেশ্বরী মাঠে আয়োজনের পরিকল্পনা আছেও বলে জানালেন তিনি। ঢাকেশ্বরী মন্দিরঢাকেশ্বরী মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছে ঢাকা নামটি। কিংবদন্তি আছে, ঢাকেশ্বরী থেকেই ঢাকা নামের উৎপত্তি। আবার কোথাও ঢাকেশ্বরী দেবীকে ঢাকার অধিষ্ঠাত্রী দেবী বলা হয়েছে। এটি ঢাকার প্রাচীন একটি মন্দির। ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে এবারও অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। পূজার আয়োজনে রয়েছে মহানগর সর্বজনীন পূজা কমিটি।পূজাকে সামনে রেখে পুরোনো এই স্থাপনায় পড়েছে নতুন রঙের প্রলেপ। চারদিকে আলোকসজ্জা আর নানা নকশায় ফুটে উঠেছে পূজার আবহ। এবারের পূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির চত্বরে বানানো হয়েছে অস্থায়ী মঞ্চ। সেখানে উঁচু করে প্যান্ডেলের ব্যবস্থা হয়েছে। মূল প্রতিমার ঘরের পাশেই রয়েছে দর্শনার্থীদের বসার জায়গা।আবার পুরোনো স্থাপনা ঘিরে আলোকসজ্জার পাশাপাশি ঝোলানো হয়েছে ফানুস। লাল-নীল-হলুদ রঙের ফানুসের আলোকচ্ছটা দেখতে হলে আসতে হবে রাতে। ঢাকেশ্বরী প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য রয়েছে হাঁটাচলা আর বসে আনন্দ করার অনেক জায়গা। মন্দির প্রাঙ্গণে এসে প্রতিমা দেখার পাশাপাশি পুকুর পাড়ে বসতে পারেন একান্ত নিরিবিলিতে। এ ছাড়া মন্দিরের ভেতর থাকা পুরোনো স্থাপনাগুলোয়ও ঢুঁ মারতে পারেন।ঢাকেশ্বরী মন্দিরের পূজার আয়োজন শুরু হয়েছে গত বৃহস্পতিবার মহালয়া অনুষ্ঠানের মাধ্যমে। আগামী বুধবার শুরু হচ্ছে পাঁচ দিনের পূজার উৎসব। এখানে প্রতিদিনই নানা রকম সংগীতানুষ্ঠানের আয়োজন রয়েছে। এ ছাড়া দর্শনার্থীদের আপ্যায়নের ব্যবস্থা রেখেছে পূজা কমিটি। ১৭ অক্টোবর বিজয়া শোভাযাত্রার মাধ্যমে শেষ হবে এখানকার উৎসব।রামকৃষ্ণ মিশনগোপীবাগের পাশেই রামকৃষ্ণ মিশন মঠের ভেতর নানা বর্ণের মানুষের আনাগোনা। কেউ এসেছেন এলাকাটি ঘুরে দেখতে আবার কেউ এসেছেন পালদের ব্যস্ততা দেখতে। মঠ চত্বরে বানানো হচ্ছে বিশাল প্যান্ডেল। প্যান্ডেলের ঠিক মাঝখানে বসানো হবে প্রতিমার মঞ্চটি। এলাকাটি ঘুরে-ফিরে দেখা মানুষজনের উৎসাহের কমতি নেই।রামকৃষ্ণ মিশন রোডের এই মঠটিতে বেশ নিয়মকানুন মেনে দর্শনার্থীদের পূজামণ্ডপ দেখার ব্যবস্থা রয়েছে। পূজার সময়ে ঘড়ি ধরে রাত ১০টার মধ্যে সব কাজ সেরে বাড়ি ফিরতে হবে। কারণ, রাত ১০টার পর মন্দির বন্ধ করে দেওয়া হবে নিরাপত্তার কথা ভেবে। যেসব দর্শনার্থী একটু রাত বাড়লে মণ্ডপে মণ্ডপে ঘোরায় অভ্যস্ত, তাঁদের জন্য এটা দুঃসংবাদই বটে। কিন্তু সময় মেনে মন্দিরে এলে নিরাশ হওয়ার কিছুই নেই। এখানে আছে বিশাল মাঠ, পুকুর আর খোলা বাগান। মণ্ডপ দেখার পাশাপাশি মিশনের ভেতরে থাকা সংস্কৃতি কেন্দ্র, লাইব্রেরি আর মূল ভবনের সৌন্দর্য উপভোগ করা যাবে। তবে দিনের সারাটা সময় মন্দিরের ফটক খোলা থাকবে দর্শনার্থীদের কথা ভেবেই। আর পূজা দেওয়ার সময়টাও মেনে চলা হবে ঘড়ির কাঁটা ধরেই। তাই যাঁরা পূজা দিতে আসবেন, তাঁদের অবশ্যই আগে ভাগে পূজার সময় জেনে নিতে হবে। এ ব্যাপারে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ৯৫৫৩৭০৩ ও ৯৫৬৪০৫৫ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। অথবা এখানকার ওয়েবসাইট www.rkmdhaka.org-তে ঢুঁ মেরে সময়টি জেনে নিতে পারেন।প্রতিমা বিসর্জনের পর্বটিতে যাঁরা অংশ নিতে ইচ্ছুক, তাঁরা ১৭ অক্টোবর আসতে পারেন এখানে। এখানকার প্রতিমা বিসর্জন দেওয়া হবে মঠের ভেতরের পুকুরে। তাই সহজেই বিসর্জনের পর্বটি দেখতে পাবেন দর্শনার্থীরা। বরদেশ্বরী কালীমাতা মন্দিরদেবী দুর্গার আরাধনায় নানা আয়োজনে মুখর শ্রীশ্রীবরদেশ্বরী কালীমাতা মন্দির। তবে শত বছরের পুরোনো এ মন্দিরে দুর্গাপূজা শুধু একটা আয়োজনই নয়, বরং ঐতিহ্য আর উৎসবের এক ভিন্ন রকম মিশেল। আর শুধু এই এলাকার সনাতন ধর্মাবলম্বীদের জন্যই নয়, এ শহরের অনেক হিন্দুধর্মাবলম্বীর কাছেও এ মন্দিরের অন্য রকম এক মর্যাদা রয়েছে। এ মন্দিরের পাশেই রয়েছে রাজা মানসিংহের স্মৃতিবিজড়িত গঙ্গাসাগর দিঘি। কথিত আছে, খননের পর বারো তীর্থের জল দ্বারা পূতপবিত্র করা হয়েছিল এ সুবিশাল দিঘিকে। তাই স্থানীয় ব্যক্তিদের মতে, এই দিঘির পানিতে গোসল করলে গঙ্গাস্নানের পর সবচেয়ে বেশি পুণ্য মেলে। তাই প্রতিবছর দুর্গাপূজার উৎসবে পুণ্যপিয়াসী মানুষের ভিড় জমে এখানে। লোকে লোকারণ্য হয়ে যায় পুরো মন্দির প্রাঙ্গণ। অতীশ দীপঙ্কর মহাসড়ক ধরে ধর্মরাজিক মহাবৌদ্ধ বিহারের পাশ দিয়ে বেশ কিছুটা সামনে এগিয়ে গেলে বাসাবো কদমতলা ব্রিজ। এই ব্রিজ পেরিয়ে আরও কিছু দূর এগোলেই হাতের বাঁ-পাশে শ্রীশ্রীবরদেশ্বরী কালীমাতা মন্দির। বরাবরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে মেলা বসছে এখানে। উৎসবের প্রতিটি দিন পূজা শেষে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় ভোগ আরতি হবে। মহাষ্টমী পূজার দিন মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণ হবে। রাত আটটায় হবে শ্রীশ্রীরামকৃষ্ণ লীলা। মহানবমীর সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা আর রাত নয়টায় হবে নৃত্যনাট্য মহুয়া সুন্দরী। দশমী পূজার রাতে হবে কবিগান। তাই এসব অনুষ্ঠান উপভোগ করতে চাইলে যে কেউ চলে যেতে পারেন রাজারবাগ শ্রীশ্রীবরদেশ্বরী কালীমাতা মন্দিরে। দেখে আসতে পারেন কী করে ধর্ম আর ঐতিহ্য একে অন্যের হাত ধরে বয়ে চলেছে নিরন্তর।জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বজনীন শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয় জগন্নাথ হলে। দেবী দুর্গার প্রতিমা স্থাপন করা হয় জগন্নাথ হলের উপাসনালয়ে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে জগন্নাথ হলে জাঁকজমকপূর্ণভাবে সরস্বতী পূজার আয়োজন করা হলেও প্রায় ৩০ বছর ধরে এখানে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে বলে জানালেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ এবং শ্রীশ্রী দুর্গোৎসব উদ্যাপন কমিটি-২০১০-এর সভাপতি অধ্যাপক অজয় কুমার দাস। অন্য সব মণ্ডপের মতো এখানেও ষষ্ঠীর দিন দেবীর বোধন পর্ব থেকে শুরু করে দশমী পর্যন্ত চলবে দেবী দুর্গার আরাধনা, আরতি এবং ভক্তি। দুর্গোৎসব উদ্যাপন কমিটি-২০১০-এর সমন্বয়ক দেবাশীষ পাল জানালেন, বিশ্ববিদ্যালয়ের সব ধর্মের শিক্ষার্থীদের উপস্থিতিতে জগন্নাথ হলের মাঠে মিলনমেলা বসে। জগন্নাথ হলের কর্মকর্তা-কর্মচারীরা মিলে এখানে পূজা চালু করলেও বর্তমানে তা জগন্নাথ হলের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও আশপাশের এলাকার মানুষের উৎসবে পরিণত হয়েছে বলেও জানালেন তিনি। ঢাকের বাদ্য, পূজারিদের উলুধ্বনি, প্রসাদ বিতরণ আর আরতি—এই নিয়ে জমজমাট থাকে প্রতিবছর জগন্নাথ হলের মণ্ডপ। অন্যবারের মতো এবারও পূজামণ্ডপে উৎসবের কোনো কমতি থাকবে না বলে জানালেন অজয় কুমার দাস। তবে এবার যেহেতু অষ্টমীর দিন পড়েছে ১৫ অক্টোবর, তাই জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনে নিহত শিক্ষার্থীদের স্মরণে ওই দিন শোকের আবহ বিরাজ করবে জগন্নাথ হলে। ছাদ ধসে নিহত শিক্ষার্থীদের স্মরণে জগন্নাথ হলের ছাত্র-শিক্ষকেরা সেদিন কালো ব্যাজ ধারণ করবেন বলেও জানান তিনি। পূজা-পার্বণে কিংবা উৎসব আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাজে নতুন রঙে। বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আর দর্শনার্থীদের ভক্তিতে জগন্নাথ হলের উপাসনালয় তাই সত্যিকার অর্থেই ছোটখাটো তীর্থকেন্দ্রে পরিণত হয়।রমনা কালীমন্দিরআকাশজুড়ে সাদা মেঘের ভেলা। কাশবনে জেগেছে শুভ্রতার মাতম। শ্বেতশুভ্র প্রাঙ্গণেও তাই লেগেছে উৎসবের ছোয়া। চিন্ময়ী রূপে দেবী দুর্গার আগমন যে সন্নিকটে, তাই মন্দিরের ভক্তদের এখন দম ফেলার ফুরসত নেই। পূজারি আর দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য শ্রীশ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম পরিচালনা পরিষদের কর্তারাও কাটাচ্ছেন ব্যস্ত সময়। দেবীর দোলায় আগমন, গজে গমন উপলক্ষে ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত টানা পাঁচ দিনের উৎসব আয়োজনে মেতেছে রমনা কালীমন্দির।মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সামপ্রদায়িক রোষের শিকার হয় নগরের এই প্রাচীন মন্দিরটি। নগরের খ্যাতনামা এই কালীমন্দিরে ১৯৯৮ সাল থেকে নতুন করে দুর্গাপূজার আয়োজনের চল চালু হয়েছে বলে জানালেন রমনা কালীমন্দিরের সাধারণ সম্পাদক দয়াময় বিশ্বাস দীপু। মন্দির প্রাঙ্গণে ঢুকতেই শুরুতেই দেখা মিলবে শীতলারূপী কালীর, তার পাশের ঘরে দেবী দুর্গা। দুর্গার ঘরের ঠিক পাশেই রাধা-কৃষ্ণের প্রতিমা। দেবী দুর্গার ঘরে গিয়ে দেখা গেল একসঙ্গে তিন কারিগর প্রতিমা তৈরির কাজ করছেন। রমনা কালীমন্দিরে নয় বছর ধরে দুর্গা প্রতিমা তৈরি করেন বিক্রমপুরের বাবুল পাল। সনাতনধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানের পূজারিদের জন্য কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করেন এই কারিগর। নিপুণ হাতে কাদামাটি দিয়ে ফুটিয়ে তোলা দেবীকে আরাধনা আর ভক্তিভরে বরণ করে নেবে অজস্র পূজারি। পূজারিদের জন্য তাই প্রতিদিন পূজা শেষে প্রসাদ বিতরণের আয়োজন করেছে রমনা কালীমন্দির কর্তৃপক্ষ। এ ছাড়া সন্ধ্যায় ভোগ-আরতি তো থাকছেই। উৎসবের রঙে এই দিনকয়েকটিকে রাঙাতে সপ্তমী থেকে নবমী পূজা পর্যন্ত রাত সাতটা থেকে দেশবরেণ্য শিল্পীদের নিয়ে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানালেন দয়াময় বিশ্বাস দিপু। সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন পান্নালাল, ইন্দ্রমোহন রাজবংশী, সনৎ বাবলার মতো সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অন্যবারের মতো এবারও ফেরদৌসী আরা, নকুল কুমার বিশ্বাস, বারী সিদ্দিকি প্রমুখ শিল্পীর সংগীত শোনার সম্ভাবনার কথাও শোনালেন তিনি। হিন্দু পুরাণ মতে, কৈলাশ থেকে আসা দেবী দুর্গা অসুরকে বধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন। আর পূজামণ্ডপে এসে যাতে কোনো প্রকার গোলযোগের মধ্যে পড়তে না হয়, সে জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মীদের পাশাপাশি মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবকেরাও দেবেন নিরাপত্তার নিশ্চয়তা। সেই সঙ্গে পূজা প্রাঙ্গণে বাচ্চাদের জন্য কদমা, বাতাসা আর গজার দোকান তো থাকছেই।