শারমেন বৈঠক বাতিল করায় বিব্রত বিএনপি
মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক বাতিল করায় হতাশ ও বিব্রত বিএনপি। দলের কয়েকজন নেতার সঙ্গে আলাপ করে জানা যায়, তাঁরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে এ ঘটনা একটি নেতিবাচক বার্তা দেবে। পাশাপাশি এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।তবে আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে বলা হচ্ছে, এ ধরনের বৈঠক বাতিলের ঘটনা বাংলাদেশে নজিরবিহীন নয়। এটি তেমন কোনো গুরুত্ব বহন করে না। ফলে এতে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না।আজ সোমবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ওয়েন্ডি আর শারমেনের বৈঠক হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৈঠকটি বাতিল করা হয়। ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র কেলি ম্যাকার্থি প্রথম আলো ডটকমকে জানান, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপের প্রথম দিনে গতকাল রোববার হরতাল ছিল। ওই দিন বিএনপি হরতাল ডাকায় শারমেন হতাশা প্রকাশ করেন। হরতালের কারণে শারমেনের সফরসূচিতে কিছু পরিবর্তন আনতে হয়েছে। তাই খালেদা জিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত সৌজন্য সাক্ষািট বাতিল করা হয়েছে।পরে একটি বক্তৃতায় শারমেন নিজেও তাঁর সফরের সময়ে দেশে হরতাল হওয়ার বিষয়ে হতাশা প্রকাশ করেন।নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে আন্দোলন করছে বিএনপি। পাশাপাশি শুরু থেকেই এ দাবি আদায়ে কূটনৈতিক তত্পরতা চালিয়ে যাচ্ছে তারা। দলের অনেকে মনে করেন, শুরু থেকে বিএনপি অনেক বেশি কূটনীতিকনির্ভর হয়ে পড়েছে। দলের একটি সূত্র জানায়, এ অবস্থায় সরকারের শেষ সময়ে এসে প্রভাবশালী দেশের প্রতিনিধির এ ধরনের আচরণ বিএনপির জন্য বিব্রতকর ও হতাশার বলে মনে করা হচ্ছে। ফলে নেতা-কর্মী ও সাধারণের মধ্যে এমন একটি বার্তা যেতে পারে যে, যুক্তরাষ্ট্র বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।দলের দায়িত্বশীল একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলো ডটকমকে বলেন, এটি অবশ্যই দুঃখজনক ঘটনা। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষণ্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারির ওই সফর খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাঁর সফরের সময় হরতাল এড়ানো যেত। তা করলে দলের জন্য ভালো হতো। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের পরাশক্তি। তাদের সঙ্গে বিএনপির ভালো সম্পর্ক অবশ্যই দরকার। তবে দলের ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘ওরাই বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাত্ করতে চেয়েছিল। কিছু অসুবিধার কারণে আবার ওরাই বৈঠক বাতিল করেছে।’ তিনি বলেন, তবে এ ধরনের ঘটনা বাংলাদেশে নজিরবিহীন নয়। ২০০৩ সালে তত্কালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল বাংলাদেশে এসেছিলেন। সে সময় বিরোধী দল হরতাল দিয়েছিল। কলিন পাওয়েলও সে সময়ের বিরোধীদলীয় নেতার (শেখ হাসিনা) সঙ্গে বৈঠক করেননি। সাবেক এই কূটনীতিক মনে করেন, বিএনপির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এগুলো কোনো প্রভাব ফেলবে না।এর আগে চলতি বছরের মার্চের শুরুতে ঢাকায় এসেছিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ৪ মার্চ খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাতের সময় ছিল। কিন্তু ওই দিন ছিল বিএনপির অন্যতম শরিক জামায়াতে ইসলামীর ডাকা হরতাল। হরতালের কারণে নিরাপত্তার অজুহাতে খালেদা জিয়ার পক্ষ থেকে সাক্ষাত্ বাতিল করা হয়।