শারীরিকভাবে নির্যাতিতদের শীর্ষে নারী: প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে শারীরিকভাবে নির্যাতিতদের মধ্যে নারীর অবস্থান শীর্ষে। যৌতুকের কারণেই অধিকাংশ নারী শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। আজ বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।এর আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল পাঁচটার পর সংসদের অধিবেশন শুরু হয়। টেবিলে প্রশ্নোত্তর উত্থাপিত হয়।তারানা হালিমের প্রশ্নের জবাবে গত দুই অর্থবছরের পরিসংখ্যান তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ২০১০-২০১১ সালে সারা দেশে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) আসা নির্যাতনের শিকার নারী ও শিশুদের মধ্যে শতকরা ৭৪ দশমিক ২১ ভাগ ছিল শারীরিক নির্যাতনের শিকার, ২৩ দশমিক ৮৯ ভাগ যৌন নির্যাতনের শিকার এবং ১ দশমিক ৯ ভাগ অগ্নিদগ্ধ। ২০০৯-১০ অর্থবছরে নারী ও শিশুদের মধ্যে শতকরা ৭২ দশমিক ৬৭ ভাগ শারীরিক নির্যাতন, ২৫ দশমিক ৯৪ ভাগ যৌন এবং ১ দশমিক ৪ ভাগ দগ্ধ হয়ে নির্যাতনের শিকার। প্রতিমন্ত্রী জানান, নারী নির্যাতন রোধে এরই মধ্যে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ জাতীয় সংসদে অনুমোদিত হয়েছে। বর্তমানে বিধিমালা তৈরি প্রক্রিয়াধীন।শামসুর রহমান শরীফের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শিরীন শারমিন জানান, আশুলিয়ায় পোশাকশিল্পে নারীশ্রমিকদের আবাসন-সমস্যার কথা চিন্তা করে বর্তমান সরকার ৯৭ শতাংশ জমি অধিগ্রহণ করে ১১ তলা ভবন নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছে। ভবন নির্মাণ হলে ৮৩৬ জন নারীশ্রমিকদের আবাসন-সমস্যার সমাধান হবে।তাজুল ইসলামের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাড়াতে তিনটি সড়ক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এগুলো হলো ভোমরা স্থলবন্দর সংযোগসহ সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প, বিরিশিরি-বিজয়পুর স্থলবন্দর সড়ক নির্মাণ (মাদুরপাড়া সংযোগসহ) প্রকল্প, নকলা-নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর সড়ক উন্নয়ন প্রকল্প।মন্ত্রী আরও জানান, এ ছাড়া দিনাজপুর-বিরল-পাকুরা-রাধিকাপুর (বিরল স্থলবন্দর) সড়ক উন্নয়ন প্রকল্প ও চুনারুখাট-বাল্লা স্থলবন্দর-কেদারাকোট সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।সানজিদা খানমের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, ঢাকা শহরে প্রতিদিন মোটরসাইকেলসহ প্রায় ২২০টি গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া হয়।ফজলুল আজিমের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, ঢাকা শহরে চলাচলের সুবিধার জন্য বিআরটিসির মাধ্যমে আরও গাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চীন থেকে ২৭৫টি সিএনজি বাস, কোরিয়া থেকে ১৫০টি এসি ও ১০৫টি নন এসি বাস আমদানি করা হয়েছে। এ ছাড়া ভারত থেকে ২৯০টি দোতলা, ১০০টি একতলা ও ৫০টি আর্টিকুলেটেড বাস আমদানি করা হবে।শব্দযন্ত্র বিভ্রাট: সংসদের অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই হঠাত্ নীরব হয়ে যায় সংসদ অধিবেশন। বিকল হয়ে পড়ে শব্দযন্ত্র। প্রায় পাঁচ মিনিট ধরে চলে এ নীরবতা। বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব চলার সময় এ ঘটনা ঘটে।ওই সময় রাজশাহী-৪ থেকে নির্বাচিত সাংসদ এনামুল হকের সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে বক্তব্য দিচ্ছিলেন বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক। তিনি বক্তব্য দেওয়ার একপর্যায়ে হঠাত্ই বন্ধ হয়ে যায় অধিবেশন কক্ষের শব্দযন্ত্র। বিষয়টি ডেপুটি স্পিকারের দৃষ্টি এড়ায়নি। তিনি নিজের মাইক্রোফোনটি চালু করার চেষ্টা করলেও তা চালু হয়নি।পরে বিকল্প ব্যবস্থা হিসেবে কর্ডলেস মাউথপিস দিয়ে কাজ শুরু হয়। একটু পর শব্দযন্ত্র আবার চালু হলে ডেপুটি স্পিকার বলেন, ‘শব্দযন্ত্রের এ বিভ্রাটের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, সংশ্লিষ্টরা আগামীতে সতর্ক থাকবেন, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’