শারীরিকভাবে লাঞ্ছিত সাংসদ লতিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর নিয়ে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও তাঁর বিরোধী পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবারও চট্টগ্রাম চেম্বার এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সকালে চট্টগ্রাম চেম্বারের সামনে আয়োজিত সমাবেশে ক্ষমতাসীন দলের সাংসদ এম এ লতিফকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থকেরা।চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্র নিয়ে আওয়ামী লীগের সাংসদ এম এ লতিফ শুরু থেকে মহিউদ্দিন চৌধুরীর বিরোধিতা করে আসছেন।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে সাংসদ লতিফ সমর্থন দেন বলে জানা গেছে। পরে এই পক্ষে যুক্ত হন চট্টগ্রাম-১১ (পটিয়া) আসনের আওয়ামী লীগের সাংসদ শামসুল হক চৌধুরী ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম। মোরশেদ মুরাদ জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। এনসিটি বিষয়ে তিনি গত শনিবার মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বিবৃতি দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।দলীয় সূত্র জানায়, মোরশেদ মুরাদের বিবৃতি মহিউদ্দিনের অনুসারীদের ক্ষুব্ধ করে। এরপর থেকে প্রতিদিন চট্টগ্রামে সমাবেশ করে আসছেন মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম চেম্বারের সামনে একটি প্রতিবাদ সমাবেশের ডাক দেন সাংসদ লতিফ, চেম্বার সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহীম ও তাঁদের সমর্থকেরা। সমাবেশ চলাকালে বিপুলসংখ্যক পুলিশ আশপাশের এলাকা ঘিরে রাখলেও বেলা ১১টার দিকে মহিউদ্দিনের অনুসারীরা পুলিশের বাধা উপেক্ষা করে চেম্বারের সমাবেশে চড়াও হন। এ সময় বাধা দিতে গেলে তাঁদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন সাংসদ লতিফ। হামলাকারীরা চেম্বার ভবনের জানালার কাচও ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশের সহায়তায় সাংসদ লতিফ, মোরশেদ মুরাদসহ অন্য পরিচালকেরা চেম্বার ভবনে ঢুকে আত্মরক্ষা করেন। এ সময় পুলিশ চেম্বার ভবনের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা এখনো চেম্বার ভবনে অবরুদ্ধ আছেন। ভবনের ভেতরে কেউ ঢুকতে বা বাইরে বের হতে পারছেন না।এদিকে চেম্বার নেতারা ভবনের ভেতরে অবস্থান নেওয়ার পরপরই চেম্বার ফটকের সামনের এলাকা দখলে নিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ শুরু করেন মহিউদ্দিনের সমর্থকেরা। গত শনিবার মোরশেদ মুরাদ ইব্রাহীম মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে যে কটূক্তি করেছেন, তা প্রত্যাহারের জন্য সমাবেশ থেকে আল্টিমেটাম দেওয়া হয়।বিভিন্ন গণমাধ্যমের বিবৃতি দিয়ে নেতা-কর্মীরা মোরশেদ মুরাদকে ওই বক্তব্য প্রত্যাহার ও মহিউদ্দিনের কাছে এসে ক্ষমা চাওয়ার দাবি জানান। ওই কটূক্তি প্রত্যাহার করা না হলে মোরশেদ মুরাদ ইব্রাহীমকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাঁকে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ার করা হয়।দুপুর সোয়া ১২টায় সমাবেশ শেষ করেন মহিউদ্দিন চৌধুরীর পক্ষের নেতা-কর্মীরা। সমাবেশ শেষ হওয়ার পর থেকে তাঁরা চেম্বারের সামনে অবস্থান নিয়ে আছেন। বেলা তিনটায় তাঁরা আবার সমাবেশ করবেন।পুলিশ জানায়, চেম্বার নেতাদের সকাল সাড়ে ১০টার মধ্যে কর্মসূচি শেষ করার জন্য অনুরোধ জানানো হয়, কিন্তু তাঁরা এই অনুরোধ উপেক্ষা করে তাঁদের বক্তৃতা চালিয়ে যান। সমাবেশে এক ব্যবসায়ী বলেন, সাংসদ এম এ লতিফের কিছু হলে তাঁরাও চুপ থাকবেন না—এমন ঘোষণার পরপরই ১৪ দলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন ও চেম্বার ভবনের ভেতরে ঢুকিয়ে দেন। উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে চেম্বার ভবন ও আশপাশের এলাকায় সকাল থেকেই ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ভোর থেকেই সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।