‘যখন স্কুলে ছিলাম, তখন বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে প্রথম পড়েছিলাম স্যার আর্থার কোনাল ডোয়েলের শার্লক হোমস। ওই বইটা অবশ্য পাতলা ছিল। এসএসসি পরীক্ষা দেওয়ার পর মূল শার্লক হোমস বইয়ের বাংলা অনুবাদ পড়ি। ওই সময় মাসুদ রানা আর তিন গোয়েন্দা সিরিজের বই খুব পড়তাম। পড়ার সময় কখনো নিজেকে শার্লক হোমস আবার কখনো মাসুদ রানা ভাবতাম। এবার আমি শার্লক হোমস চরিত্রেই অভিনয় করছি। তবে এখানে আমার নাম শহীদ শামস।’ বললেন শতাব্দী ওয়াদুদ। চ্যানেল নাইনে আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক আমাদের শার্লক হোমস। যৌথভাবে লিখেছেন জাকারিয়া শৌখিন, মনোয়ার কবির ও মেহেদি হাসান। পরিচালনা করছেন আরিফ এ আহ্নাফ। কথা হলো শতাব্দীর সঙ্গে।নাটকটির নাম ‘আমাদের শার্লক হোমস’ কেন?স্যার আর্থার কোনাল ডোয়েল শার্লক হোমসকে তুলে ধরেছেন যুক্তরাজ্যের প্রেক্ষাপটে। আর আমাদের নাটকের গল্পনির্মাতারা এ দেশের প্রেক্ষাপটে এবং বর্তমান সময়ের সঙ্গে মেলানোর চেষ্টা করেছেন। নাম দিয়েছেন আমাদের শার্লক হোমস। আর শার্লক হোমসের চরিত্র বদলে করেছেন শহীদ শামস।স্কুলে পড়ার সময় গোয়েন্দা সিরিজের বইগুলো কেমন লাগত?ভীষণ ভালো। টিফিনের টাকা জমিয়ে জমিয়ে বই কিনতাম। কখনো আবার কয়েকজন বন্ধু মিলে কিনতাম। এসব বইয়ের প্রতি আমার দারুণ আগ্রহ ছিল। নিজের মধ্যে তখন গোয়েন্দা গোয়েন্দা ভাব তৈরি হয়েছিল। এবার সেই গোয়েন্দা চরিত্রে কাজ করতে এসে কেমন লাগছে?কাজের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা থাকে। পরিচালক চেষ্টা করেন কাজটা যেন শত ভাগ সফল হয়। কিন্তু কিসের যেন একটা অভাব সব সময় অনুভব করি। সব সময়ই মনের মধ্যে এ খটকা লেগে থাকে।শার্লক হোমসের সহযোগী ছিল ওয়াটসন। এখানে আপনার কোনো সহযোগী আছে?একজন নয়, দুজন। আর এ দুটি চরিত্রে অভিনয় করছেন মনজুর মোর্শেদ ও মুমতাহিনা টয়া। আরেক কথা, প্রতি সপ্তাহে ধারাবাহিকটির তিন পর্ব প্রচারিত হবে। প্রতি তিন পর্বে একটি করে গল্প শেষ হবে।