শার্শায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাককে (৫২) কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বারোপোতা-পুটখালী সড়কের মহিষাডাঙ্গা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, আবদুর রাজ্জাকের বাড়ি পুটখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রামে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। স্থানীয় একটি ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীরা তাঁকে হত্যা করতে পারে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে স্থানীয় লোকজন আবদুর রাজ্জাকের রক্তাক্ত লাশ বারোপোতা-পুটখালী সড়কের মহিষাডাঙ্গা এলাকায় পড়ে থাকতে দেখে। তারা খবর দিলে পুলিশ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বেনাপোল বন্দর থানার দ্বিতীয় কর্মকর্তা আজিজুর রহমান প্রথম আলোকে জানান, দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে আবদুর রাজ্জাকের মৃত্যু নিশ্চিত করে চলে যায়। লাশের বুকে গুলির চিহ্ন রয়েছে। এ ছাড়া ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর কয়েকটি চিহ্ন রয়েছে।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, সীমান্তের পুটখালী ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় সোলেমান ও সিরাজ পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। সোলেমানকে পৃষ্ঠপোষকতা করতেন নিহত আবদুর রাজ্জাক। ওই বিরোধের জের ধরেই তাঁকে খুন করা হতে পারে।