শালবনের লালগালিচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনভর-রাতভর বিভিন্ন ছন্দ-লয়ে একটানা বৃষ্টি। এমন একটি দিনেই আমরা গিয়েছি গাজীপুরের শ্রীপুর। গ্রামের নাম গোসিংগা। সকালটা বেশ শান্ত, নিরিবিলি। আকাশে ভারী মেঘের আনাগোনা। সূর্য দেবের দেখা নেই। ছুটির দিন ভোর বলে কোনো যানজটও নেই। সঙ্গে দুই বন্ধু। একজন ব্যাংকার, আরেকজন স্থপতি। পথের দুই পাশে বিক্ষিপ্ত শালবন। রাজেন্দ্রপুর ছাড়িয়ে বনের গভীরতা যেন আরেকটু বেড়েছে। কোথাও কোথাও লতা-গুল্মের ঠাসবুনন। দু-একটি পায়ে চলা সরু পথ। হঠাৎ করেই এক টুকরা লালগালিচা যেন দৃষ্টিসীমা থেকে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর আরও একটি। নাহ্, এভাবে আর চুপচাপ বসে থাকা যায় না। রহস্য উন্মোচিত হওয়া প্রয়োজন, কোন ফুলটি বনের ভেতর এমন বর্ণাঢ্য আয়োজন করেছে। বন্ধু গাড়ি থামালেন। ক্যামেরা হাতে ছুটলাম। কাছে গিয়ে দেখি, আরে, এ তো বনচালিতা। আমাদের বনবাদাড়ে অঢেল। বিশেষ করে শালবনেই সবচেয়ে বেশি দেখা যায়। তবে শালবনের অব্যাহত বিলুপ্তির কারণে অন্য বৃক্ষরাজির পাশাপাশি এ গাছটিও বিপন্ন প্রজাতির তালিকায় স্থান করে নিয়েছে।বনচালিতার (Leea alata) প্রচলিত অন্যান্য নামের মধ্যে কাকজঙ্ঘা, কুকুরজিহ্বা, কুকুরা ও লিয়া অন্যতম। স্থানীয়ভাবে এ গাছের ঘনিষ্ঠ আত্মীয় ঢোলসমুদ্র। ঢোলসমুদ্রের পাতা বেশ বড়। বনচালিতা শক্ত কাণ্ডের ছোট গুল্মের গাছ। কাণ্ড ১ দশমিক ৭ মিটার পর্যন্ত লম্বা, মসৃণ কিন্তু ওপরে ওঠা বিন্দু দ্বারা আবৃত। পত্র সরলভাবে সচূড় পক্ষল, খাটো বৃন্তযুক্ত, পত্রবৃন্ত লালচে, পত্রক ৩০ থেকে ৩৫ সেন্টিমিটার, সাধারণত পাঁচটি, কখনো কখনো তিনটি, অবৃন্তক এবং আয়তাকার। পাতা অসমভাবে দন্তরপ্রান্তিক, নিচের পিঠ ঈষৎ লালচে এবং শিরা অত্যন্ত তীক্ষ ও স্পষ্ট। পুষ্পমঞ্জরি রোমশ ও লালচে, মঞ্জরিদণ্ড ৫ থেকে ১৭ সেন্টিমিটার লম্বা, খাঁজযুক্ত, তবে পুষ্পবৃন্তিকা বেশ খাটো। ফুল ক্ষুদ্র, লাল এবং সংখ্যায় অঢেল ও পরাগধানিযুক্ত। ফল লাল, আড়াআড়িভাবে প্রায় ১ সেন্টিমিটার। পরিপক্ব ফল নীলাভ-রক্তবেগুনি রঙের। ফুল ফোটার মৌসুম সাধারণত জুন থেকে নভেম্বর পর্যন্ত। বনচালিতার অনেক গুণ। রাজনিঘন্টুকারের উদ্ধৃতি থেকেও তার প্রমাণ পাওয়া যায়। ‘কাকজঙ্ঘা তু তিক্তোষ্ণা ক্রিমিব্রণকফাপহা। বাধির্য্যাজীর্ণ জিৎ-জীর্ণ বিষমজ্বরহারিণী’—এ উদ্ধৃতি থেকে বনচালিতায় অনেক রোগ উপশমের উল্লেখ পাওয়া যায়। শিকড়ের রস কৃমিনাশক, আবার ব্রণ এবং চর্মরোগেও কার্যকর। তা ছাড়া মূলের রস কানের বধিরতা চিকিৎসায় ফলপ্রসূ। আমাদের স্বার্থেই বিপন্ন শালবনগুলো বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে রাখতে হবে সেখানকার প্রাণবৈচিত্র্য।