শালিখা-বাঘারপাড়ার ১১ গ্রামের মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক দুইখেন জমি ছাড়া এই যে বিশাল মাঠ দেখতিছেন, এই মাঠের প্রায়ই সব জমিই আমাগের, পিয়ারপুরেগের। কিন্তু হলি কি হবে, আমরা তো চাষ করতি পারিনে। চাষ করে ফসল ঘরে নিতি পারিনে রাস্তার কারণে। কি যে কাদা হয়, কি বলবো। শুকেনার সময় মানুষ কোনো রকম পায়ে হাঁটে চলে। এই জন্যি আমাগের সব জমি কুশখালীগে কাছে বর্গা দিয়ে দিছি। নিজিরা চাষ করে ধান নিতি পারিনে। রাস্তা দিয়ে গরুর গাড়িও চলে না।’ মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের কুশখালী-পিয়ারপুর দুই কিলোমিটার কাঁচা রাস্তার কারণে দুর্ভোগের কথা এভাবেই তুলে ধরেন পিয়ারপুর গ্রামের কৃষক শরিফুল ইসলাম (৩৮)। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শালিখা উপজেলার সীমান্তবর্তী ভুলদার সড়ক নামে পরিচিত দুই কিলোমিটার দীর্ঘ ওই সংযোগ সড়ক দিয়ে শালিখা উপজেলার কুশখালী, গোয়ালখালী, ছান্দড়া, পাথরঘাটা, শাবলাট ও পাঠানপাইকপাড়া এবং যশোরের বাঘারপাড়া উপজেলার উত্তর চাঁদপুর, কুলিহট্ট, পদ্মবিলা, শলুয়া ও নরসিংহপুর গ্রামের ৩০ হাজারের বেশি মানুষ নিয়মিত চলাচল করে। কৃষকদের স্থানীয় মাঠে উত্পাদিত ফসল আনা-নেওয়ার একমাত্র রাস্তাও এটি। রাস্তার দুরবস্থার কারণে এসব গ্রামের অধিবাসীদের চতুরবাড়িয়া চৌরাস্তা হয়ে ১০ কিলোমিটার পথ ঘুরে সীমাখালী আসতে হয়। রাস্তাটি পাকা হলে ভুলবাড়িয়া-চতুরবাড়িয়া ভায়া কুশখালী এবং সীমাখালী-চতুরবাড়িয়া প্রধান সড়কের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন হবে। ছান্দড়া গ্রামের কৃষক ফসিয়ার শিকদার (৫২) বলেন, ‘ভুলদার মাত্র দুই কিলোমিটার রাস্তা হলে মানুষের যে উপকার হবে তা বলে বোঝানো যাবে না।’ কুশখালী গ্রামের কৃষক আবদুর রহমান (৪৫) বলেন, ‘আমাগের এই রাস্তার অবস্থা এতোই খারাপ যে, বৃষ্টি হলি হাঁটু সুমান কাঁদা হয়। চোত্তির মাসেও রাস্তা শুয়োয় না।’ পিয়ারপুর গ্রামের আবদুর রহমান বলেন, ‘বর্ষার সময় পায়ে হাঁটা দূরি থাক ঘোড়ার গাড়ি-গরুর গাড়িও এই রাস্তায় পার করা যায় না। রাস্তা রাখে মানুষ পানি ভাঙে মাঠের মধ্যি দিয়ে যাওয়া-আসা করে।’ প্রায় একই ধরনের কথা বলেন কুশখালী গ্রামের রাজমিস্ত্রি আজিজুল ইসলাম (৩৫), চতুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান (৩৯), পাঠান পাইকপাড়া গ্রামের নায়েব আলীসহ (৪৮) কয়েকজন।স্থানীয় ইউপি সদস্য গোলাম সরোয়ার মোল্লা (৪৬) বলেন, ‘দুই কিলোমিটার পথের জন্য ১০ কিলোমিটার পথ ঘুরতে হয়। চেয়ারম্যানকে বিষয়টি বারবার বলেছি, কিন্তু তিনি রাস্তাটি করবেন না। কারণ, আমরা তাঁর দল করি না। গত পাঁচ বছরে তিনি আমার ওয়ার্ডে (৩ নং) এক ঝুড়ি মাটিও ফেলেননি।’ এ প্রসঙ্গে তালখড়ি ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন, ‘আমি মনে করি ওই রাস্তার কোনো প্রয়োজন নেই। ওই রাস্তা হলে এলাকায় চুরি, ডাকাতি-ছিনতাই বেড়ে যাবে। কিছুদিন আগেও ওই মাঠের পাশে নির্জন এলাকায় নিয়ে ছিনতাইকারীরা এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাই করেছে। রাস্তা হলে চোর, ডাকাত, ছিনতাইকারীরা ওই রাস্তা দিয়ে উঠে আসবে।’শালিখা উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, ‘শালিখায় ওই রাস্তা ছাড়া আরও প্রয়োজনীয় রাস্তা রয়েছে, যা এখনো হয়নি। ফলে এখনই ভুলদার রাস্তাটি হচ্ছে না।’ মাগুরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী সুভাষ কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘ঠিক এই মুহূর্তে ভুলদার রাস্তাটি সম্পর্কে আমার মনে পড়ছে না। রাস্তাটি সম্পর্কে আমি খোঁজ নেব।’