শাশুড়িকে এসিড নিক্ষেপ, সাত বছরের কারাদণ্ড
শাশুড়িকে এসিড নিক্ষেপের মামলায় জামাইয়ের সাত বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর জেলা ও দায়রা জজ আদালত। বিচারক হোসেন শহীদ আহমদ আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেছেন।অভিযুক্ত জামাইয়ের নাম ওমর ফারুক (২৯)। তাঁর বাড়ি রাজশাহীর পবা উপজেলা হাজরাপুকুর চকপাড়া গ্রামে। তাঁর বাবার নাম বজলুর রহমান।মামলার বিবরণ সূত্রে জানা গেছে, রাজশাহীর পবা উপজেলার কাটাখালী এলাকার জাবের আলীর মেয়ে রিমা খাতুনের সঙ্গে সাড়ে চার বছর আগে ওমর ফারুকের বিয়ে হয়। ফারুক ব্যবসা করতেন। বিয়ের সময় শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাঁকে দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু আরও টাকার জন্য বিভিন্ন অজুহাতে ফারুক স্ত্রী রিমার ওপর নির্যাতন চালাতে থাকেন।এ ব্যাপারে শাশুড়ি মিনা বেগম রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ফারুকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় জামিন নিয়ে ফারুক তাঁর শ্বশুর জাবের আলীসহ পাঁচজনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা দায়ের করেন। পুলিশ এই মামলার তদন্ত করতে গেলে স্থানীয় লোকজন জামাই ফারুকের বিরুদ্ধে সাক্ষী দেন। এতে ফারুক ভীষণ ক্ষিপ্ত হন।গত বছরের ৩০ অক্টোবর রাতে ফারুক তাঁর শাশুড়ির গায়ে এসিড নিক্ষেপ করে পালিয়ে যান। বাসায় প্রাথমিক চিকিত্সা নেওয়ার পর ৩১ অক্টোবর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে ভর্তি করা হয়। ওসিসি সূত্রে জানা যায়, এসিডে তাঁর পিঠ ও ডান হাতের ২-৩ শতাংশ এসিডে ঝলসে যায়।এ ঘটনায় মিনা বেগমের ছেলে শাহীন বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ আসামি ফারুককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। পরে ওসিসির তত্ত্বাবধানে মামলাটি পরিচালনা করা হয়।এই মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন মেহেরুন্নেসা ও আশুরা খাতুন এবং আসামিপক্ষে ছিলেন কামরুন্নাহার।