২১ আগস্ট গ্রেনেড হামলার সাত বছর
শাসকগোষ্ঠীর সহায়তায় হামলা চালানো হয়েছিল: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিকল্পিতভাবে শাসক গোষ্ঠীর সহায়তায় ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল। সরকারি মদদ ছাড়া এ ধরনের হামলা কখনোই সম্ভব নয়।গ্রেনেড হামলার সাত বছর উপলক্ষে গতকাল রোববার এক সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। ওই গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে বঙ্গভবন জামে মসজিদে গতকাল মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। খবর বাসসের।সমাবেশে শেখ হাসিনা বলেন, হামলার পরপরই আলামতগুলো ধ্বংস করে সত্য ঘটনা লুকানোর চেষ্টা করেছে বিএনপি-জামায়াত জোট সরকার। জজ মিয়াকে দিয়ে নাটক সাজানো হয়েছিল। জজ মিয়ার একার পক্ষে এই ১০-১২টি গ্রেনেড নিক্ষেপ করা কখনো সম্ভব নয়। তিনি বলেন, প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে জীবনে শেষ করে দেওয়ার সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না। ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার এবং বিচারের রায়ও কার্যকর হবে।বেলা ১১টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে তিনি দলীয় নেতা-নেত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং এক মিনিট নীরবতা পালন করেন। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা, আহত ব্যক্তিরা, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।সমাবেশে শেখ হাসিনা বলেন, চারদলীয় জোট সরকারের সময় বিরোধী দল কোনো সভা-সমাবেশ করলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হতো। বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ হলে আওয়ামী লীগের কর্মীরা আশপাশের ছাদগুলোতে উঠে পাহারা দিত। কিন্তু ২১ আগস্ট কাউকেই ছাদে উঠতে দেওয়া হয়নি। ওই দিন হামলার পর পুলিশ হতাহতদের উদ্ধার না করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে। হামলাকারীরা যাতে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে, সে জন্য এ কাজ করা হয়েছিল।প্রধানমন্ত্রী বলেন, ‘আগস্ট মাস আমাদের শোকের মাস। ১৫ আগস্ট আমরা জাতির জনককে হারিয়েছি। ২১ আগস্ট হারিয়েছি আমার ২২ জন নেতা-কর্মীকে।’ তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেন। তিনি ওই হামলায় আহতদের চিকিৎসা ও নিহত ব্যক্তিদের পরিবারকে বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্ট থেকে সহায়তা দেওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘আমি যত দিন বেঁচে থাকব, তত দিন তাদের সাহায্য করে যাব।’২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের মহিলাবিষয়ক সম্পাদক ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২২ নেতা-কর্মী নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ শতাধিক নেতা-কর্মী। নিহত ব্যক্তিদের দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।বঙ্গভবন জামে মসজিদে মিলাদ: ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে বঙ্গভবন জামে মসজিদে মিলাদ মাহফিল হয়। রাষ্ট্রপতি মিলাদ মাহফিলে অংশ নেন। মিলাদে গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ অন্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।