শাসন-বারণে অতিষ্ঠ হয়ে ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা আর মায়ের শাসন-বারণে অতিষ্ঠ ১৪ বছরের এক কিশোরী। কী করবে? ভাবল, বাড়ি থেকে পালিয়ে গিয়ে আত্মহত্যা করবে। কিন্তু পালিয়ে দূরে চলে যাওয়ার মতো অর্থ তো নেই। তাই সে ঠিক করল ব্যাংকে গিয়ে ডাকাতি করবে। মুখোশ পরে ছুরি নিয়ে একটি ব্যাংকে গিয়ে হাজির হলো সে। কিন্তু নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে ভণ্ডুল হয়ে গেল তার সব পরিকল্পনা। রাশিয়ার ইজেভস্কের ইউরালস শহরে এ ঘটনা ঘটেছে বলে গতকাল শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়।ঘটনা তদন্ত দলের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে ওই কিশোরী মুখোশ পরে ছুরি হাতে শহরের একটি বাণিজ্যিক ব্যাংকে হানা দেয়। তবে ব্যাংকটির নিরাপত্তারক্ষীরা তাকে পাকড়াও করে।ডাকাতির চেষ্টার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে কিশোরীটি তদন্ত কর্মকর্তাদের জানায়, বাবার সঙ্গে বিচ্ছেদের পর মা আবার বিয়ে করলে ওই পরিবারে তার জীবন বিষিয়ে ওঠে। বাবা-মায়ের অতি শাসন থেকে রক্ষা পেতে সে পালাতে চেয়েছিল। ভেবেছিল, দূরে গিয়ে আত্মহত্যা করে এ যন্ত্রণা থেকে বাঁচবে। কিন্তু অর্থ না থাকায় ব্যাংক ডাকাতি করার পরিকল্পনা নেয় সে। ব্যাংকের নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, সাদা মুখোশে মুখ ঢাকা ওই কিশোরী হাতে ছুরি নিয়ে ব্যাংকের একজন নারী কর্মীকে অর্থ দিতে বলছে। সে ছয় হাজার ২০০ ডলার পরিমাণ অর্থ চেয়েছিল। তবে ওই অর্থ হাতে আসার আগেই নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলে। ওই কিশোরী এ-গ্রেডের ছাত্রী। শহর ছেড়ে পালিয়ে না যাওয়ার এবং স্বাভাবিক আচরণ করার লিখিত অঙ্গীকার করার পর ওই কিশোরীকে ছেড়ে দেওয়া হয় বলে তদন্ত কর্মকর্তারা জানান।