নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ আইনের (সংশোধনী ২০০৩) ৯(১) ধারায় উল্লেখ করা হয়েছে, যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে, তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এর অতিরিক্ত অর্থদণ্ড। এই আইনের ৯(২) ধারায় ধর্ষণজনিত কারণে ধর্ষিতার মৃত্যু হলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এবং এর অতিরিক্ত অন্যূন এক লাখ টাকার অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এই আইনের ৯(৩) ধারায় গণধর্ষণের শাস্তি প্রত্যেক ধর্ষকের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এর অতিরিক্ত অন্যূন এক লাখ টাকার অর্থদণ্ডের কথা বলা হয়েছে। এ আইনের এ ধারাগুলো মূলত আমাদের দণ্ডবিধির ৩৭৫ ও ৩৭৬ ধারাকে প্রতিস্থাপিত করেছে। দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষকের শাস্তির পরিমাণ সর্বোচ্চ যাবজ্জীন কারাদণ্ড এবং এ শাস্তি সশ্রম বা বিনা শ্রম উভয়ই হতে পারে। তা ছাড়া অতিরিক্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। দণ্ডবিধির ধর্ষণের দায়ে ধর্ষকের শাস্তির পরিমাণ কত হবে তা বিচারকের বিচক্ষণতার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এ আইনে শাস্তি প্রয়োগের ক্ষেত্রে বিচারকের বিচক্ষণতার প্রয়োগের কোনো সুযোগ রাখা হয়নি। আমি বিচারক (জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুষ্টিয়াসহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত থাকাকালে প্রায় সাড়ে আট বছর ধরে নারী ও শিশু নির্যাতন দমন মামলার বিচারকাজ করে আসছি। আমার অভিজ্ঞতা থেকে আমি মনে করি যে সব ধর্ষণের শাস্তি যাবজ্জীবন হওয়া সমীচীন নয়। এ ক্ষেত্রে দণ্ডবিধির ৩৭৬ ধারায় বর্ণিত শাস্তির বিধানকে আমার কাছে সঠিক ও যথোপযুক্ত মনে হয়। কারণ, ওই ধারায় বিচারককে শাস্তি আরোপের ক্ষেত্রে তাঁর বিচক্ষণতা প্রয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এই বিশেষ আইন প্রবর্তিত হওয়ার আগে অনেক ক্ষেত্রে বিচারকেরা ধর্ষণ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলেও ধর্ষকের শাস্তি আরোপের সময় আইনটিকে যথেচ্ছ ব্যবহার করেছেন। আমি শরীয়তপুরে যুগ্ম জেলা জজ ও সহকারী দায়রা জজ থাকাকালে এক নথি পর্যালোচনায় দেখতে পাই, আমার আগের বিচারক পাঁচ বছরের এক শিশু ধর্ষণের মামলায় ধর্ষকের শাস্তি আরোপ করেছিলেন মাত্র তিন বছর। যেখানে দণ্ডবিধির ৩৭৬ ধারায় সর্বোচ্চ শাস্তির পরিমাণ যাবজ্জীবন উল্লেখ করা হয়েছে, সেখানে বিচারকের শিশু ধর্ষণের দায়ে ধর্ষকের শাস্তি মাত্র তিন বছর আরোপ করা মোটেও সমীচীন হয়নি। এটা প্রকারান্তরে প্রমাণ করে যে ধর্ষণের প্রমাণে শাস্তি আরোপের ক্ষেত্রে ওই বিচারকের বিচক্ষণতাবোধ খুবই নিম্নমানের বা তিনি ইচ্ছাকৃত এত কম শাস্তি আরোপ করেছিলেন।ধর্ষণের রকমফেরের কারণে শাস্তির পরিমাণের ভিন্নতা থাকা উচিত, যা আমাদের বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এ নেই। কারণ ধর্ষিতার সামাজিক অবস্থান, ধর্ষণের ক্ষেত্রে ধর্ষিতার সম্মতি আছে কি না (১৬ বছরের নিচে), ধর্ষিতা কোনো বারবণিতা কি না, ধর্ষিতার ইতিপূর্বে ধর্ষণ মামলা দায়েরের কোনো ইতিহাস আছে কি না, ধর্ষক কিশোর অপরাধী কি না ইত্যাদি বিষয়ে শাস্তি আরোপের ক্ষেত্রে বিবেচনায় আনা উচিত। ধর্ষিতা যদি কোনো শিশু হয় (অনূর্ধ্ব ১৬ বছর) এবং ধর্ষকের বয়স যদি ১৮ বছরের ঊর্ধ্বে হয় এবং ভিকটিমকে যদি জোরপূর্বক বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করে ধর্ষণ করা হয় এবং ধর্ষিতা যদি সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারের মেয়ে হয়, সেক্ষেত্রে ধর্ষকের যাবজ্জীবন শাস্তি যথোপযুক্ত বলে আমি মনে করি। ধর্ষিতা (১৬ বছরের নিচে) যদি প্রেমের টানে স্বেচ্ছায় তার প্রেমিকের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হয়, সে ক্ষেত্রে ধর্ষকের শাস্তি যাবজ্জীবন হওয়া বাঞ্ছনীয় নয়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, অনেক বিত্তহীন পরিবারের অভিভাবক মাত্র ১০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে ধর্ষণের মামলা আপস করে ধর্ষকের অনুকূলে সাক্ষ্য দিয়ে ধর্ষককে শাস্তির হাত থেকে রক্ষা করেছেন। আবার যেক্ষেত্রে মামলা আপস হয়নি অর্থাৎ ধর্ষকের পরিবার টাকা দিতে রাজি হয়নি বা সামর্থ্য নেই, সে ক্ষেত্রেও আমাকে ধর্ষকের ওপর যাবজ্জীবন শাস্তি আরোপ করতে হয়েছে। বিষয়টি সত্যিই পীড়াদায়ক। কারণ, খালাস বা যাবজ্জীবন কারাদণ্ডের নিয়ামক মাত্র ১০, ২০ বা ৫০ হাজার টাকা! ধর্ষিতা যদি বিবাহিত, এক বা একাধিক সন্তানের জননী বা বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হয়, সে ক্ষেত্রেও ধর্ষকের ওপর যাবজ্জীবন শাস্তি ক্ষেত্রবিশেষে খুব বেশি নির্মম বলে মনে হয়। এ কারণে বিচারকেরা ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড আরোপের সময় অনেক ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করেন বা নিরুৎসাহিত হন। ধর্ষক যদি কিশোর হয়, সে ক্ষেত্রেও কিশোর ধর্ষককে শিশু আইন ’৭৪-এর ৫১ ও ৫২ ধারা অনুসারে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে না। তাকে অন্য কোনো মেয়াদে কারাদণ্ড বা অন্য কোনো শাস্তি আরোপ করা যেতে পারে এবং কিশোর অপরাধীকে ১৮ বছর উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত কিশোর সংশোধনী কারাগারে রাখতে হবে। আমি লালমনিরহাটে কর্মরত থাকাকালে ৭০ বছরের এক হিন্দু বিধবাকে ধর্ষণের দায়ে একজন পলাতক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিতে বাধ্য হই। অনুরূপভাবে আমি কুষ্টিয়ায় বিচারক থাকাকালে ৫০ বছরের এক ভিখারিনীকে ধর্ষণের দায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিই। এ ক্ষেত্রেও যাবজ্জীবন শাস্তি সমীচীন নয় বলে আমি মনে করি। আমার বিচারিক অভিজ্ঞতা থেকে মনে করি, ধর্ষণের শাস্তি সর্বোচ্চ যাবজ্জীবন, সর্বনিম্ন ১০ বছর হওয়া এবং ধর্ষণের কারণে মৃত্যু হলে এর শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন হওয়া বাঞ্ছনীয়।লেখক বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সিরাজগঞ্জ।