পর্নোগ্রাফির অবাধ বিস্তারের এই সময়ে যৌন অপরাধ বাড়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে, অপরাধীর বিচার না হওয়া।এ ছাড়া পর্নো-ডিভিডি, সিডি, ক্যাসেটের সহজপ্রাপ্যতা এবং শিশুদের জন্য পর্নো-ওয়েবসাইটে ঢোকা সহজ হয়ে যাওয়া যৌন অপরাধ বাড়ার আরেকটি কারণ। মেয়েশিশুদের যৌন অপরাধ ও পর্নোগ্রাফির শিকার হওয়ার পেছনে এ কারণগুলো মুখ্য ভূমিকা পালন করছে বলে মনে করেন আইনজীবী, মনোচিকিৎসক ও সমাজবিজ্ঞানীরা। র্যাব ও পুলিশের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাংলাদেশে যৌন সম্পর্ক স্থাপনের দৃশ্য ভিডিও করার প্রথম ঘটনাটি ঘটে ২০০১ সালে। ওই ঘটনার অভিযুক্ত প্রবাসী বাংলাদেশি সুমন মামলা হওয়ার আগেই দেশ ছেড়ে পালায়। অপরাধীর কোনো শাস্তি হয়নি। কিন্তু মেয়ে তিনটি সামাজিকভাবে নিগ্রহের শিকার হয়।কর্মকর্তারা বলছেন, মানুষ যদি সাহস করে এসব অপরাধের বিরুদ্ধে এগিয়ে আসে, যদি সুবিচার নিশ্চিত করা যায়, তাহলে যৌন অপরাধ কমবে।অপরাধীর বিচার না হওয়ায় এসব দৃষ্টান্ত শিশুদের ওপর প্রভাব বিস্তার করে বলে মন্তব্য করেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. তাজুল ইসলাম। তিনি বলেন, শিশুরা সমাজ থেকে শেখে। যখন তারা দেখে অপরাধীর সাজা হচ্ছে না, সমাজে তারা বুক ফুলিয়ে চলছে, তখন অপরাধীই তার ‘অনুকরণীয় নায়ক’ হয়ে ওঠে। নিজের জীবনে সে ওই অপরাধীকে অনুকরণ করার চেষ্টা করে।গত বছরের নভেম্বরে মানুষের জন্য ফাউন্ডেশন ‘প্রযুক্তি’ শিরোনামে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পর্নোগ্রাফি দেখার কারণে শিশুরা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, যৌন সহিংসতার প্রতি আকৃষ্ট হয়, অশ্লীলতার চর্চা বেড়ে যায়, মা-বাবাকে অসম্মান করতে শেখে, সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে যায়, মনে ধর্ষণের ইচ্ছা জাগিয়ে তোলে।যেভাবে বিস্তার ঘটছে: র্যাব ও পুলিশের গোয়েন্দা বিভাগের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, রাষ্ট্রীয়-সামাজিক ও বেশির ভাগ ক্ষেত্রে পরিবারের নজরদারির অভাবে কিশোর-কিশোরীরা পর্নো ছবি সংগ্রহ করছে, দেখছে এবং কোনো কোনো ক্ষেত্রে অনুকরণ করছে।প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে একজন স্কুলছাত্রী জানায়, কিছু দিন আগে পর্যন্ত ডোরেমন কার্টুন দেখা ছাড়া তার অবসর কাটানোর কোনো উপায় ছিল না। সম্প্রতি সে তার বন্ধুদের কাছ থেকে পর্নোগ্রাফি সম্পর্কে জানতে পেরেছে। তার কিছু বন্ধু ব্লু-টুথ ব্যবহার করে তাকে কিছু ভিডিওচিত্র দেখিয়েছে। অপর এক ছাত্র জানায়, তারা বন্ধুবান্ধবদের কাছ থেকে ভিডিওচিত্র, পর্নোসাইটের খোঁজ পায় এবং ডিভিডি বিনিময় করে।স্কুলপড়ুয়া বেশ কিছু ছেলেমেয়ে জানিয়েছে, তারা পর্নোছবি ডাউনলোড করার ও দেখার কাজে মুঠোফোন বেশি ব্যবহার করছে। কিছু ছাত্রছাত্রী বলেছে, তারা ইন্টারনেটের মাধ্যমে পর্নোছবির খোঁজ করে এবং পর্নো-ওয়েবসাইটগুলোতে যায়। এদের অনেকে সাইবার ক্যাফেতে গিয়ে পেনড্রাইভে ছবি নিয়ে এসে বাসায় লুকিয়ে কম্পিউটারে দেখে। অনুসন্ধানে জানা যায়, সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে শিশুরা যৌন সম্পর্ক স্থাপন করছে। ওয়েবসাইটের মাধ্যমে কিশোর-কিশোরীরা একে অন্যের সঙ্গে পরিচিত হচ্ছে। মুঠোফোনের নম্বর বিনিময় করছে। কিছু ওয়েবসাইটে কিশোরীদের ছবিসমৃদ্ধ লিঙ্ক ব্যবহার করা হয়েছে। অনেক ক্ষেত্রে কিশোরীরা জানতেও পারেনি কী উদ্দেশ্যে, কেন তাদের ছবিগুলো ব্যবহার হচ্ছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ঢাকার বেশ কিছু জায়গায় প্রকাশ্যে সিডি-ডিভিডি বিক্রেতারা অপ্রাপ্তবয়স্কদের কাছেও পর্নো-সিডিও ডিভিডি বিক্রি করে। বিভিন্ন সিনেমা হলের সামনে শিশুদের দিয়ে এসব সামগ্রী বিক্রি করানো হচ্ছে।গবেষণাপত্র ‘প্রযুক্তি’তে বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়েছে। ঢাকার একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী জানায়, স্কুলের কম্পিউটার ল্যাবের ডেস্কটপে ফাইল খুলে বেশ কিছু ছাত্রছাত্রী ভাবের আদান-প্রদান করে। তারা একসঙ্গে বেড়াতে যায়, পর্নোছবি দেখে এবং তাদের কারও কারও মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। নিছক কৌতূহল থেকে গুলশানের একটি স্কুলের ছাত্রছাত্রী পর্নোগ্রাফি তৈরি করে মুঠোফোনে ধারণ করে এবং পরে ব্লু-টুথের মাধ্যমে অন্যান্য সহপাঠীর কাছে পাঠায়। এই পর্নোগ্রাফি পরে সিডি দোকানদারদের কাছে চলে যায় এবং বাণিজ্যিকভাবে ব্যবহার হতে শুরু করে। একপর্যায়ে মেয়েটির অভিভাবক তাকে বিদেশে পাঠিয়ে দেন। দায়িত্ব নিতে হবে অভিভাবককে: সংশ্লিষ্ট পক্ষগুলো বলছে, পর্নোগ্রাফির বিস্তার ঠেকাতে অভিভাবক ও পরিবারকে প্রধান ভূমিকা পালন করতে হবে। সন্তান মুঠোফোন কী কাজে ব্যবহার করছে, কোন ওয়েবসাইটে যাচ্ছে সে বিষয়গুলো মা-বাবাকেই নজরদারি করতে হবে। আলাপকালে উত্তরার একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক সারওয়ার সরকার বলছিলেন, ‘বাবা-মা হয় সন্তানকে উপেক্ষা করছেন, নয়তো অতি আদরে মানুষ করছেন। কোনোটিই শিশুর বিকাশের জন্য ভালো নয়।’ওই শিক্ষক একটি উদাহরণ টেনে বলেন, তাঁর ক্লাসে একবার একটি ছাত্রের ব্যাগ থেকে একদিন ১৫টি চাবি উদ্ধার হয়। কথা বলে জানা যায়, শিশুটির মা-বাবা দুজনই পেশাগত কারণে বেশির ভাগ সময় ঢাকার বাইরে থাকেন। শিশুটি প্রায়ই গৃহকর্মী ও গাড়িচালকের জিম্মায় থাকে।জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ১৭ বছর বয়সী এক কিশোরের উদাহরণ দিয়েছে প্রতিষ্ঠানটি। কিশোরটির বাবা প্রবাসী, সে তার মায়ের সঙ্গে থাকত। ১৩ বছর বয়স থেকে সে একা একটি কক্ষে থাকে ও কম্পিউটার ব্যবহার করে। সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকে সে পর্নোছবি দেখতে শুরু করে এবং একসময় মেয়েদের যৌন নির্যাতন করতে শুরু করে। একাধিক মেয়েশিশুকে নির্যাতন করার পর তার আগ্রাসী মনোভাবের জন্য পরিবারটি চিকিৎসকের শরণাপন্ন হয়।চিকিৎসকেরা বলছেন, শিশুকে প্রযুক্তি থেকে দূরে রাখা যাবে না। কিন্তু কম্পিউটারটি ঘরের এমন জায়গায় রাখতে হবে, যেন যে কেউ দেখতে পায় শিশুটি কী দেখছে। তার মুঠোফোন কী কাজে ব্যবহার হচ্ছে, তা-ও দেখতে হবে। মা-বাবাকে সন্তানের জন্য সময় দিতে হবে, সে কাদের সঙ্গে মিশছে, সেটি দেখাও গুরুত্বপূর্ণ। এ ছাড়া সিডি-ডিভিডি ব্যবসায়ীদেরও নজরদারিতে আনা দরকার বলে মনে করেন আইনজীবীরা। অল্পবয়স্ক কারও কাছে পর্নো-সিডি বা ডিভিডির বিক্রি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি। সে কাজটি প্রায় হচ্ছে না বললেই চলে। এ ছাড়া ১৮ বছরের নিচে কোনো শিশুর মুঠোফোন ব্যবহারেও নিয়ন্ত্রণ আনা জরুরি বলে মনে করছেন তাঁরা।