শাস্তি নয়, শিক্ষাকে আনন্দময় করুন: শিক্ষামন্ত্রী
শারীরিক ও মানসিক শাস্তি নয়, শ্রেণীকক্ষে শিক্ষাকে আনন্দময় করে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।আজ শনিবার রাজধানীর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে ‘প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক শাস্তি নিরোধকল্পে শিক্ষক প্রশিক্ষণ ম্যানুয়াল’ নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান।শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকের শিক্ষাদানের পদ্ধতি, জীবনাচরণ—সবই ছাত্রছাত্রীদের জন্য হবে অনুকরণীয় দৃষ্টান্ত।’মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. নজরুল ইসলাম খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম এফ করিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) তাসলিমা বেগম প্রমুখ।