শাস্তি প্রত্যাহারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন সাধারণ শিক্ষার্থী আজ সোমবার সকাল থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের মূল গেটের বাইরে রাস্তার পাশে তাঁরা এ কর্মসূচি শুরু করলে শাস্তি পাওয়া শিক্ষার্থীরাও এতে যোগ দেন।রাত আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত অনশন চলছিল। বিকেল সাড়ে চারটার দিকে ছাত্রবিষয়ক পরিচালক মোল্লা শফিকুর রহমানসহ কয়েকজন শিক্ষক এসেছিলেন। তাঁরা শাস্তি পাওয়া শিক্ষার্থীদের আপিল করার পরামর্শ দিয়ে অনশন প্রত্যাহার করার আহ্বান জানান। এদিকে বিকেল পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে সব ধরনের সভা-সমাবেশ, মানববন্ধন ও জটলা নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।অনশনরত শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন। গতকাল রোববার সাংবাদিকদের ক্যাম্পাসের ভেতরে ঢুকতে না দেওয়ায় আজ ক্যাম্পাসের বাইরে এসে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে তাঁরা জানিয়েছেন।প্রসঙ্গত, দুই মাস সাত দিন বন্ধ থাকার পর গতকাল রোববার খুলনা বিশ্ববিদ্যালয় খুলেছে। তবে বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহারের দাবিতে চার শতাধিক সাধারণ শিক্ষার্থী গতকাল ক্লাস বর্জন করে মৌন অবস্থান কর্মসূচি পালন করলে বেশির ভাগ ক্লাসই হয়নি।গত ৫ এপ্রিল এক অপ্রীতিকর ঘটনার পরের দিন ৬ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ওই ঘটনার তদন্ত ও দোষী ব্যক্তিদের শনাক্ত করার জন্য ওই দিনই সিন্ডিকেটের ১৪২তম জরুরি সভায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের ১৪৩তম সভায় চারজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, সাতজনকে দুই বছরের জন্য বহিষ্কার, ১৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের জন্য বহিষ্কার করা হয়। এ ছাড়া ১৩ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার ও ১৫ হাজার টাকা জরিমানা এবং ১০ জনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।