শাস্তি শেষে ভারতে ফিরে গেলেন অমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বাংলাদেশে ঢোকার অপরাধে সাজার মেয়াদ শেষে অমল বর্মণ (১৮) নামের এক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে।আজ শুক্রবার দুপুরে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে অমল বর্মণকে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি থানার মানিকর গ্রামের অখিল বর্মণের ছেলে।দিনাজপুরের হিলি ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজামুদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘জয়পুরহাট জেলা কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়ায় পুলিশ ও কারাগার কর্তৃপক্ষ সকাল ১০টার দিকে অমলকে আমাদের কাছে হস্তান্তর করেন। দুপুর ১২টার দিকে অমলকে হিলি চেকপোস্টের মাধ্যমে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি পরেশ মণ্ডলের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’ অমল বর্মণ জানান, তিনি গত বছরের ৩০ অক্টোবর সকালে তাঁর বোনের বাড়ি নওগাঁর মহাদেবপুরে বেড়াতে যেতে পাঁচবিবির কয়া সীমান্ত দিয়ে ঢোকেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁকে আটক করেন। জয়পুরহাট জেলা কারাগার সূত্র জানায়, অবৈধভাবে বাংলাদেশে ঢোকার অভিযোগে জয়পুরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত অমলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। গত ২৯ জানুয়ারি তাঁর সাজার মেয়াদ শেষ হয়। এরপর তাঁকে ভারতে ফেরত পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আজ তাঁকে ভারতে পাঠানো হয়।