স্কুল-কলেজগামী মেয়েদের ইভ টিজিং বা উত্ত্যক্ত করার ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়ে গেলেও এ ব্যাপারে থানায় মামলা বা উত্ত্যক্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি তেমন হয় না। দেশের পাঁচটি বিভাগীয় শহরের পুলিশ সূত্রে পাওয়া পরিসংখ্যান থেকে এমন চিত্রই বেরিয়ে এসেছে। তবে পুলিশের দাবি, উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে তারা খুবই তৎপর।গত কয়েক মাসে উত্ত্যক্ত করার ঘটনায় সবচেয়ে বেশি মামলা হয়েছে রাজশাহীতে। অন্যদিকে খুলনায় আলাদাভাবে কোনো মামলা হয়নি। বরিশাল, সিলেট ও রংপুরে কয়েকটি মামলা হয়েছে। মামলাগুলো বিচারাধীন। কিন্তু অনেক মামলায় আসামি গ্রেপ্তার হয়নি। পুলিশের বক্তব্য অনুযায়ী, উত্ত্যক্তের ঘটনা বাড়লেও মামলা বা অভিযোগের সংখ্যা কম হওয়ার কারণ সংশ্লিষ্ট অভিভাবকদের সামাজিক নিরাপত্তাহীনতা ও লোকলজ্জা এবং যথাযথ আইনের অভাব। রাজশাহী: রাজশাহীতে উত্ত্যক্তের ঘটনায় মে মাস থেকে এ পর্যন্ত ১৩টি মামলা হয়েছে। এর মধ্যে নয়টি মামলা হয়েছে রাজশাহী মহানগরে, দুটি মামলা হয়েছে বাগমারায় এবং একটি করে মামলা হয়েছে দুর্গাপুর ও তানোর উপজেলায়। উত্ত্যক্তের প্রতিবাদ করায় জেলার বাগমারায় এক মেয়ের চাচা খুন ও ভাই প্রহূত হন। রাজশাহী মহানগরে এক ভাইকে কুপিয়ে জখম করা হয়। এক কলেজছাত্রী আত্মহত্যার চেষ্টা চালায়। এ ছাড়া ঘটনাস্থল থেকে বখাটেদের আটক করে শাস্তি দিয়ে ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটছে।উত্ত্যক্তের ঘটনায় সর্বশেষ মামলাটি হয়েছে গত মঙ্গলবার রাজশাহীর বাঘা থানায়। অভিযোগ পেয়ে ঘটনার কিছুক্ষণ পরই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। এ ছাড়া গত ১৯, ২০ ও ২১ মে বিশেষ অভিযান চালিয়ে উত্ত্যক্তকারী সন্দেহে নয় যুবককে গ্রেপ্তার করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে ছাত্র, বখাটে, প্রভাবশালীদের সন্তান ও কোচিং সেন্টারের শিক্ষকও ছিলেন। পরে এদের তওবা পড়িয়ে ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। রাজশাহীর চারঘাট উপজেলায় উত্ত্যক্তের কারণে মেয়ের সঙ্গে বাবাকেও যেতে হতো কলেজে। এ ঘটনায় গত অক্টোবর মাসে পত্রিকায় খবর ছাপা হওয়ার পর আসামি বখাটে যুবক মিঠনকে পুলিশ গ্রেপ্তার করে।রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান বলেন, মহানগরে ইভ টিজিংয়ের ঘটনায় হওয়া মামলাগুলো বিচারাধীন। এ ছাড়া এ ধরনের ঘটনায় অনেককে মুুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।সিলেট: সিলেট সদর উপজেলার সাহেববাজার উচ্চবিদ্যালয়ে গত ১৮ জুলাই উত্ত্যক্তের শিকার হয়েছিল এক ছাত্রী। এ ঘটনায় তিন বখাটেকে আসামি করে পরদিন সিলেট কোতোয়ালি থানায় মামলা হয়। কিন্তু মামলার প্রায় এক সপ্তাহ পরও বখাটেরা গ্রেপ্তার না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করে। এর প্রায় এক মাস পর গ্রেপ্তার হয় দুই বখাটে। এ ঘটনার কথা উল্লেখ করে সাহেববাজার উচ্চবিদ্যালয়ের এক শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘ইভ টিজিংয়ের অভিযোগে মামলা করলে পুলিশ পাত্তা দেয় না। মামলা করে বখাটেদের গ্রেপ্তারে বিক্ষোভ করতে হয়। বিক্ষোভ করলে পরে কাজ হয়!’সিলেটের পুলিশ কমিশনার আফতাব উদ্দিন আহমদ বলেন, ‘পুলিশ জানামাত্রই ইভ টিজিং রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। এ ক্ষেত্রে সাধারণত আমরা মামলা নিই না। যেসব বখাটে এসব ঘটনা ঘটাচ্ছে, ওদের পরিবারের সদস্যদের মুচলেকা দিয়ে আমরা ছেড়ে দিচ্ছি।’ পুলিশ জানায়, সাহেববাজার উচ্চবিদ্যালয়ের এ ঘটনাসহ সিলেট কোতোয়ালি থানায় গত তিন মাসে ইভ টিজিংয়ের ঘটনায় মামলা হয়েছে দুটি। এ দুটি ঘটনার পাশাপাশি উত্ত্যক্তের জেরে খুনের ঘটনা ঘটেছে দুটি।বরিশাল: বরিশাল উপবিভাগীয় পুলিশ পরিদর্শকের কার্যালয়ের অপরাধ শাখার হিসাব অনুযায়ী, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এ বিভাগে উত্ত্যক্তের অভিযোগে মাত্র ২৭টি মামলা এবং চারটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৮৮ জনকে। এর মধ্যে ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ জন পলাতক। এর মধ্যে বরিশাল সদর উপজেলায় উত্ত্যক্তের অভিযোগে নয়টি মামলা হয়েছে। এসব মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া উত্ত্যক্তের অপরাধে ৪৩ জন যুবককে ধরে সংশোধনের জন্য অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।বরিশালের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, স্কুল শুরু ও শেষ হওয়ার সময় যাতে কেউ উত্ত্যক্তের শিকার না হয়, সে জন্য সব থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর সঙ্গে সামাজিক সচেতনতাও বাড়ানো দরকার।পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে সবচেয়ে বেশি ইভ টিজিংয়ের ঘটনা ঘটেছে ভোলা জেলায়। এ ছাড়া ঝালকাঠির নলছিটি উপজেলায় দুটি জিডি ও তিনটি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা ১৫ জন। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে পাঁচজন। ১০ জন আসামি পলাতক রয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুটি, ভান্ডারিয়া উপজেলায় একটি এবং নেছারাবাদে একটি মামলা হয়েছে। এসব মামলায় ১৭ জন আসামির মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রংপুর: রংপুর বিভাগীয় শহরে গত ছয় মাসে পাঁচটি মামলা হয়েছে। শহরের বিভিন্ন পাড়া-মহল্লার মোড়ে বিদ্যালয়গুলোর ছাত্রীদের উত্ত্যক্ত করার হারও বেড়ে গেছে। বিশেষ করে শহরের শালবনে সরকারি বেগম রোকেয়া মহিলা কলেজের আশপাশ এলাকা, শহরের ধাপে অবস্থিত লালকুঠি বালিকা বিদ্যালয়, গুপ্তপাড়ায় সালেমা বালিকা বিদ্যালয়ে, সেনপাড়ায় সমাজকল্যাণ বিদ্যালয় ও কলেজের আশপাশের এলাকার পাড়া-মহল্লায় বখাটে যুবকদের উৎপাত বেশি।জেলা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, শহরে একসঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি হয়। লোকবল-সংকটের কারণে সব স্থানে সাদা পোশাকে পুলিশ দেওয়াও সম্ভব হয় না। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা প্রথম আলোকে বলেন, ‘অভিভাবকেরা লাজলজ্জায় মামলা করেন না। পরিবারের সুনামের বিষয়টিও এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তবে মামলা হওয়ার পর বখাটে যুবকদের গ্রেপ্তার করতে আমরা চেষ্টা করে থাকি।’খুলনা: মহানগরে ও খুলনা বিভাগের ১০ জেলার কোনো থানায় উত্ত্যক্তের ঘটনায় কোনো মামলা নেই। তাই এ ব্যাপারে কেউ গ্রেপ্তারও হয়নি। পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ হেমায়েত হোসেন প্রথম আলোকে জানান, বিভাগের ১০ জেলার কোনো থানায় মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে কোনো মামলা নেই। তবে নারী নির্যাতন বিষয়ে মামলা ও গ্রেপ্তার আছে। মহানগর পুলিশের উপকমিশনার আজিজুর রহমান বলেন, নগর পুলিশের পক্ষ থেকে নগরের মেয়েদের স্কুল-কলেজের সামনে নিয়মিত টহল পুলিশের ব্যবস্থা রাখা হয়েছে। (প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন আবুল কালাম মুহাম্মদ আজাদ, রাজশাহী; উজ্জ্বল মেহেদী, সিলেট; আরিফুল হক, রংপুর; সাইফুর রহমান, বরিশাল ও শেখ আবু হাসান, খুলনা)