ব্যক্তি খাতের বিনিয়োগকে উত্সাহিত করে প্রবৃদ্ধির ধারা বেগবান রাখা আগামী বাজেটের লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।সিপিডি বলছে, আগামী বাজেটে যদি কালো টাকা সাদা করার সুযোগ দিতেই হয়, তবে বিদ্যমান করের বাইরে নির্দিষ্ট হারে শাস্তিমূলক কর আরোপ করা যেতে পারে।আসন্ন ২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে এসব প্রস্তাব দিয়েছে সিপিডি। আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব দেওয়া হয়।বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া বিনিয়োগ বৃদ্ধিতে খুব একটা ভূমিকা রাখে না মন্তব্য করে সিপিডি বলেছে, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া নৈতিক ও অর্থনৈতিক কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এ সুযোগ সত্ করদাতাদের কর দিতে নিরুত্সাহ করে।সংবাদ সম্মেলনে সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাজেটের আকার বাড়তে পারে। তবে তা হতে হবে রক্ষণশীলভাবে। ব্যক্তি খাতকে উত্সাহিত করতে সরকার নিজে বিনিয়োগ করবে। তবে বিনিয়োগ করতে গিয়ে সরকার ব্যাংক থেকে এত বেশি ঋণ নেবে না, যেন ব্যক্তি খাতের উদ্যোক্তারা বিনিয়োগের জন্য অর্থ না পায়।দেবপ্রিয় বলেন, সামনে নির্বাচন আসছে। এ সময় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলে এই অর্থ আগামী নির্বাচনে ব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে। তা ছাড়া নতুন যে নয়টি ব্যাংক অনুমোদন দেওয়া হয়েছে সেগুলোর প্রত্যেকটির পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা। কালো টাকা সাদা করার সুযোগ থাকলে সে টাকা এসব ব্যাংকের মূলধনে ঢুকে পরতে পারে। এ দুটি বিষয়ে সরকারকে সাবধানতা অবলম্বন করতে হবে।সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন, আনিসাতুল ফাতেমা ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।