শাস্তির চেয়ে বেশি জরুরি প্রাণ বাঁচানো: প্রধানমন্ত্রী (ভিডিও)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাভারে ভবনধসের ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির চেয়ে এখন বেশি জরুরি ধ্বংসস্তূপের নিচে যারা আটকা পড়ে আছেন, তাঁদের জীবিত উদ্ধার করা। সাভারে উদ্ধারকাজে সহায়তা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আজ বৃহস্পতিবার গণভবনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর ইউএনবির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন প্রকৌশলী ও শ্রমিকনেতার সমালোচনা করে বলেন, যখন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া লোকজন বাঁচার জন্য হাহাকার করছে, তখন উদ্ধারকাজে সহযোগিতা না করে কয়েকজন প্রকৌশলী ও শ্রমিকনেতা টিভি চ্যানেলের টক শোতে ব্যস্ত। টক শোতে একজন প্রকৌশলী ভবনধসের ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। সেই প্রকৌশলীর নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দায়ী ব্যক্তিদের শাস্তির চেয়ে সরকারের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ হলো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার করা। প্রধানমন্ত্রী বাংলাদেশে পুকুর-খাল ভরাট করে ভবন নির্মাণ না করার জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, ভবনধসের ঘটনায় উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজের জন্য যা কিছু করা দরকার, সরকার সবকিছুই করছে। কিন্তু এ ধরনের ভয়াবহ ঘটনায় উদ্ধারকাজে আরও সময় লাগবে। তিনি বলেন, সবাইকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। কারণ, উদ্ধারকাজে যেকোনো ধরনের তাড়াহুড়ো ভবনের ভেতরে আটকা পড়া লোকদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। প্রধানমন্ত্রী বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের খাদ্য, আলো, অক্সিজেন দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, দুর্ঘটনার ১০ মিনিট পরই সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, র্যাব, ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। স্বরাষ্ট্রমন্ত্রীসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারাও উদ্ধারকাজে সহযোগিতা করতে ছুটে গেছেন। সভায় ভবনধসে নিহত ব্যক্তিদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।