শাস্তির বিধান রেখে পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক বিরোধের ক্ষেত্রে কোনো ব্যক্তির ব্যাপারে আদালতের দেওয়া সুরক্ষা আদেশ বা আদেশের কোনো শর্ত লঙ্ঘন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রেখে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) বিল, ২০১০ পাস হয়েছে।এ ছাড়া গতকাল সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিল, ২০১০ পাস হয়েছে। দুটি বিলের ওপরই স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাব দেন। তাঁর প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে বিল দুটি কণ্ঠভোটে পাস হয়।পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) বিলটি সংসদে উত্থাপন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। এ আইনে বলা হয়েছে, পারিবারিক সহিংসতা বলতে কোনো ব্যক্তি কর্তৃক পরিবারের অপর কোনো নারী বা শিশু সদস্যের ওপর শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন এবং আর্থিক ক্ষতিকে বোঝানো হয়েছে। পারিবারিক নির্যাতনের শিকার সংক্ষুব্ধ ব্যক্তি অনুরোধ জানালে ওই ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে আদালতের কাছে আবেদন করতে হবে। আদালত সংক্ষুব্ধ ও প্রতিপক্ষ ব্যক্তিকে শুনানির সুযোগ দিয়ে প্রয়োজনে সংক্ষুব্ধ ব্যক্তির পক্ষে সুরক্ষা আদেশ দিতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত উভয় পক্ষকে শুনানির সুযোগ দিয়ে প্রয়োজনে সংক্ষুব্ধ ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবেন। এ ছাড়া আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সংক্ষুব্ধ ব্যক্তির সন্তানদের নিরাপদ হেফাজতে রাখার নির্দেশও দিতে পারবেন।আইনে আরও বলা হয়েছে, এই আইনের অধীন যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন, সে ক্ষেত্রে মিথ্যা অভিযোগকারী সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।মহিলা পরিষদের অভিনন্দন: বাংলাদেশ মহিলা পরিষদ আইনটি পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু গতকাল এক যুক্ত বিবৃতিতে বলেন, আইনটি পাস হওয়ার মাধ্যমে পারিবারিক পরিমণ্ডল থেকে একজন নারী ও শিশুর সুরক্ষা এবং প্রতিকার-সংক্রান্ত অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হলো।আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিল পাস: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিলটি সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আইনে বলা হয়েছে, এ আইন কার্যকর হওয়ার পর সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে। ইনস্টিটিউটের প্রধান কার্যালয় থাকবে ঢাকায়। দেশের প্রধানমন্ত্রী ইনস্টিটিউশনের প্রধান থাকবেন। ইনস্টিটিউটের দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি দেশে ও দেশের বাইরে বাংলা ভাষার প্রচার ও প্রসারে কাজ করবে এবং বাংলা ভাষা ও ভাষা আন্দোলন সম্পর্কে গবেষণার কাজ পরিচালনা করবে।