শাস্ত্রীয় সংগীতের ব্যাপারে আগ্রহটা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল ফাউন্ডেশন থেকে এসেছে প্রিয়াংকা গোপের গান নিয়ে অ্যালবাম সুরে সুরে দেখা হবে। সব কটি গানের গীতিকার ও সুরকার মোহাম্মাদ আসাফ্উদ্দৌলাহ। সম্প্রতি বেঙ্গল শিল্পালয়ে অ্যালবামটির মোড়ক খোলেন বরেণ্য সংগীতশিল্পী ফিরোজা বেগম। কথা হলো প্রিয়াংকা গোপের সঙ্গে।আপনার গান শেখার কথা বলুন।গান শেখার শুরুটা হয়েছিল টাঙ্গাইলে আনন্দ চক্রবর্তীর কাছে। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অসিত রায়ের কাছে শিখেছি। গোড়া থেকেই শাস্ত্রীয় গানের প্রতি আমার অন্য রকম একটা ভালোলাগা ছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষার পর ভারত সরকারের আইসিসিআর বৃত্তি নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যাই। সেখানে শাস্ত্রীয় সংগীতের ওপর স্নাতক ও স্নাতকোত্তর করেছি। আমার গুরু পণ্ডিত অরুণ ভাদুড়ি। তাঁর কাছ থেকে শাস্ত্রীয় সংগীতের আসল স্বাদটুকু পেয়েছি। এখনো তাঁর কাছেই শিখছি। এ ছাড়া ধ্রুপদের তালিম নিয়েছি ফাল্গুনী মিত্র আর ঠুমরি শিখেছি ঊর্মি গুপ্তের কাছে। দেশে ফিরেছি ২০০৮ সালে। এরপর কী করছেন?দেশে ফিরে আমি ছায়ানটে শুদ্ধ সংগীত বিভাগে শিক্ষকতা করছি। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দিয়েছি। ‘সুরে সুরে দেখা হবে’ অ্যালবামটি নিয়ে কিছু বলুন।সুরে সুরে দেখা হবে আমার প্রথম অ্যালবাম। সব কটিই বাংলা সেমি-ক্লাসিক্যাল গান। মোহাম্মাদ আসাফ্উদ্দৌলাহর কাব্য ও সুর এককথায় অসাধারণ। গানগুলোতে গজলের একটু ছোঁয়া রয়েছে। মোহাম্মাদ আসাফ্উদ্দৌলাহর সঙ্গে যোগাযোগটা কীভাবে হয়েছে?বিশিষ্ট তবলাশিল্পী সৈয়দ মেহের হোসেন আমাকে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দেন। মোহাম্মাদ আসাফ্উদ্দৌলাহ নাকি অনেক দিন থেকেই একটি মেয়েকণ্ঠ খুঁজছিলেন। তিনি আমার গান শোনেন। এরপর তাঁর কিছু গান আমাকে দিয়ে গাওয়ানোর সিদ্ধান্ত নেন। এখন শাস্ত্রীয় সংগীত শেখার ব্যাপারে ছেলেমেয়েদের মধ্যে আগ্রহটা কেমন মনে হচ্ছে?না শিখেই গান গাওয়ার একটা প্রবণতা তো সব সময়ই আছে। কিন্তু তার পরও আমি বলব, এখন কিন্তু শাস্ত্রীয় সংগীত শেখা এবং চর্চা করার ব্যাপারে আগ্রহটা খুব বেড়েছে। এটা একটা ইতিবাচক দিক।