শাহ আমানত সেতু এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত ২
চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতুর উত্তর পারে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকটি সেতু থেকে নেমে নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচটি টেম্পোকে চাপা দিয়ে রাস্তার পাশে দোকানের মধ্যে ঢুকে পড়ে।হতাহত ব্যক্তিরা সবাই টেম্পোচালক, সহকারী, দোকান কর্মচারী ও সাধারণ যাত্রী বলে জানা গেছে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন—মো. রবি (২০) ও এজাহার মিয়া (৫৩)। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন বলে হাসপাতালের পুলিশ ক্যাম্পে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম শহরমুখী একটি ট্রাক কর্ণফুলী শাহ আমানত সেতু থেকে নেমে গোল চত্বর ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচটি টেম্পোকে চাপা দিয়ে ফুটপাতের দোকানগুলোতে ঢুকে পড়ে। এ সময় টেম্পোগুলো ছাড়াও অন্তত পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ গিয়ে ট্রাকটি ক্রেন দিয়ে উদ্ধার করে।