শাহ আমানত সেতুর গতিরোধকের কাছে বাস উল্টে নিহত ২
চট্টগ্রামে নবনির্মিত শাহ আমানত সেতুর (তৃতীয় কর্ণফুলী সেতু) দক্ষিণ প্রান্তের সংযোগ সড়কের উঁচু গতিরোধকের কাছে গত মঙ্গলবার গভীর রাতে একটি বাস উল্টে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, ঈদের ছুটিতে ওই বাসে করে রাজশাহীর মতিহার এলাকার ৫৫ জন চট্টগ্রাম অঞ্চলে বেড়াতে আসেন। খাগড়াছড়ি ও রাঙামাটি ঘুরে তাঁরা মঙ্গলবার রাতে কক্সবাজারে যাচ্ছিলেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেতুর দক্ষিণ প্রান্তের সংযোগ সড়কে স্থাপিত গতিরোধক অতিক্রমের সময় বাসটি জোরে ধাক্কা খায়। গতিরোধক অতিক্রমের পরপরই বাসটি উল্টে যায়। এতে বাসটির দরজায় দাঁড়িয়ে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন ১৫ জন। পুলিশের ধারণা, নিহত দুজন বাসের সহকারী।আহত ব্যক্তিদের মধ্যে রায়হান, আনোয়ার, গাফফার, আরিফুল, রাজু, দেলোয়ার, তামিম, ঝন্টু, মর্তুজা ও ফারুক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।দুর্ঘটনার পর সেতুতে যানবাহন চলাচল ব্যাহত হয়। পুলিশ রাতেই বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার ব্যাপারে কর্ণফুলী থানায় মামলা হয়েছে।প্রসঙ্গত, ওই সংযোগ সড়ক পার হওয়ার সময় কয়েক দিন আগে স্থানীয় চার শিশু মাইক্রোবাসের ধাক্কায় আহত হলে এলাকাবাসী ওই গতিরোধক স্থাপন করে।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ গতকাল বুধবার বলেন, দীর্ঘ পথ অতিক্রম করে আসা বাসটি মঙ্গলবার মধ্যরাতে কর্ণফুলী সেতু পার হয়ে কিছু দূর গিয়ে উল্টে যায়। সম্ভবত দুর্ঘটনার সময় বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। দুর্ঘটনার পর পুলিশ ওই সড়কের গতিরোধক সরিয়ে ফেলেছে।ওসি বলেন, স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের বাসায় বাসের অন্য যাত্রীদের রাতযাপনের ব্যবস্থা করা হয়। সকালে কক্সবাজারে না গিয়ে তাঁরা যে যার মতো রাজশাহীর উদ্দেশে রওনা হন।