শাহ আলম খুনের নেপথ্যে স্ত্রীর পরকীয়া!
‘স্ত্রীর পরকীয়া আর উচ্চাভিলাষী জীবনযাপনই কাল হয়ে দাঁড়িয়েছিল আমার ছেলের জন্য। এসবে বাধা দেওয়ায় আমার চোখের সামনেই স্ত্রী, শ্বশুর আর শ্যালকের নির্মম প্রহারের শিকার হয়ে অকালেই প্রাণ হারাতে হলো তাকে। আমি এখন কাকে নিয়ে বাঁচব? কে আমাকে দেখাশোনা করবে?’গতকাল শনিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সামনে এই প্রতিষ্ঠানের শিক্ষক শাহ আলম শাহীনের লাশের পাশে বসে বুক চাপড়ে কথাগুলো বলেন তাঁর মা হামিদা পারভিন।এদিকে শাহ আলমের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা গতকাল মানববন্ধন ও মৌন মিছিল করেন।নিহত শাহ আলমের মা হামিদা পারভিন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শাহ আলমের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জুঁই রাত-দিন একটি ছেলের সঙ্গে মুঠোফোনে কথা বলতেন। শাহ আলম বিষয়টি জানার পর স্ত্রীকে মুঠোফোনে কথা বলতে বারণ করে দেন। কিন্তু শাহ আলমের কথায় কান না দিয়ে জান্নাতুল সেই ছেলেটির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ অব্যাহত রাখতেন। এ নিয়েই উভয়ের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়।হামিদা পারভিন আরও অভিযোগ করেন, শাহ আলম জান্নাতুলকে কথা বলতে বাধা দিলে জান্নাতুল তাঁকে (শাহ আলম) হত্যার হুমকি দিত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে জান্নাতুল তাঁকে মারধরও করতেন। এক মাস আগে শাহ আলমের কাছে দুই লাখ টাকাও দাবি করেছিলেন জান্নাতুল। টাকা দিতে ব্যর্থ হওয়ায় জান্নাতুল আরও ক্ষুব্ধ হন। তিনি জানান, স্বামী-স্ত্রীর মধ্যে গত বৃহস্পতিবার রাতে ঝগড়া হয়। এর জের ধরে জান্নাতুলের কথামতো শুক্রবার সকালে জান্নাতুলের বাবা নুরুল ইসলাম ওরফে নূরু মুন্সি ও ভাই সোহাগ সাভারের ব্যাংক কলোনিতে শাহ আলমের ভাড়া বাসায় আসেন। সকাল ১০টার দিকে তাঁরা বাসায় ঢোকার পরই জান্নাতুলসহ তিনজন মিলে শাহ আলমকে মারধর করতে শুরু করেন। একপর্যায়ে তাঁরা শাহ আলমকে খাওয়ার কক্ষের মধ্যে ফেলে বুক, মাথা ও তলপেটে রড দিয়ে আঘাত করতে থাকেন। বাধা দিতে গেলে তাঁকেও (হামিদা পারভিন) তাঁরা মারধর করেন। মারধরের পর শাহ আলম মেঝেতে লুটিয়ে পড়ে কাতরাচ্ছিল। এ সময় তাঁর শরীর দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এ অবস্থায় শাহ আলমকে নিয়ে হাসপাতালে যাওয়ার প্রস্তুতিকালে জান্নাতুল স্বর্ণালংকার, জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্র নিয়ে বাবা ও ভাইয়ের সঙ্গে দ্রুত সটকে পড়েন। উল্লেখ্য, গত শুক্রবার রাতে সাভার থানায় করা হত্যা মামলায়ও হামিদা পারভিন একই অভিযোগ করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বলেন, স্ত্রী জান্নাতুলের পরকীয়ায় বাধা দেওয়ার কারণেই শাহ আলম শাহীন খুন হয়েছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহ আলমের শ্বশুর নূরু মুন্সি, স্ত্রী জান্নাতুল ও শ্যালক সোহাগকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।মানববন্ধন, মৌন মিছিল: শাহ আলমের নিহত হওয়ার খবর গতকাল সকালে তাঁর কর্মস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে পৌঁছালে এই প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ করেন। গতকাল সকাল ১০টার দিকে তাঁরা মৌন মিছিল বের করেন। মিছিলটি স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কলেজের সামনে মানববন্ধন করেন।মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আবদুল জলিল ভূঁইয়া, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মো. মোবারক হোসেন প্রমুখ। বক্তারা শাহ আলমের স্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌসীর ছাত্রত্ব বাতিলেরও দাবি জানান।ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার দুপুরে শাহ আলমের লাশ নেওয়া হয় হয় তাঁর কর্মস্থলে। বেলা তিনটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনসংলগ্ন মাঠে জানাজা শেষে তাঁর লাশ নিয়ে যাওয়া হয় সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে।