শাহ আলম থাকলে সভায় যাবেন না ড্যাপ কমিটির সদস্যরা
বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের (বিএলডিএ) সভাপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমের উপস্থিতিতে কোনো সভায় অংশ নেবেন না ঢাকার ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) পর্যালোচনা কমিটির বিশেষজ্ঞ সদস্যরা।কমিটির ছয়জন সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে আনুষ্ঠানিক চিঠি দিয়ে তাঁদের এই অবস্থানের কথা জানিয়েছেন।চিঠিতে বলা হয়েছে, ‘১৩ জুন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন প্রিপারেশন অব ডিটেইল্ড এরিয়া প্ল্যান ফর ঢাকা শীর্ষক প্রকল্পের আওতায় ডিটেইল্ড এরিয়া প্ল্যানের (রিপোর্ট ও নকশা) ওপর অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএলডিএর সভাপতি আহমেদ আকবর সোবহান শাহ আলমের ঔদ্ধত্যপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত আচরণ আমাদের বিস্মিত ও মর্মাহত করেছে। আমরা মনে করি, এই অশালীন আচরণের মাধ্যমে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি আনুষ্ঠানিক সভায় সরকারের একটি প্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। একই সঙ্গে ওই সভায় উপস্থিত পর্যালোচনা কমিটির আহ্বায়কসহ সব সদস্যের পেশাগত যোগ্যতা ও সততার প্রতি অন্যায়, অযৌক্তিক, কুরুচিপূর্ণ ও অমার্জনীয় আচরণ করা হয়েছে। আমরা এই হীন ও নিন্দনীয় আচরণের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। একই সঙ্গে আমরা সুনির্দিষ্টভাবে জানাতে চাই যে, ভবিষ্যতে বিএলডিএ সভাপতির উপস্থিতিতে কোনো সভা বা মতবিনিময়ে এই পর্যালোচনা কমিটির কোনো সদস্য অংশগ্রহণ করা থেকে বিরত থাকবেন।’ চিঠিতে আরও বলা হয়, ‘ওই ব্যক্তি ছাড়া বিএলডিএ ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) যেকোনো সংগঠনের সঙ্গে ড্যাপ বিষয়ে আলোচনায় পর্যালোচনা কমিটি সরকারকে সব ধরনের সহযোগিতা করবে।’গতকাল বৃহস্পতিবার বিকেলে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানকে এ চিঠি দেন ড্যাপ পর্যালোচনা কমিটির আহ্বায়ক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত পর্যালোচনা কমিটির ছয়জন সদস্য। কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক সরওয়ার জাহান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল ইসলাম। জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘দেশের বিশিষ্ট ও সম্মানীয় ব্যক্তি যাঁরা ড্যাপের পর্যালোচনা কমিটিতে রয়েছেন, তাঁদের দেওয়া এ সিদ্ধান্তকে আমি অত্যন্ত মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে দেখেছি। তাঁদের অনুভূতি সারা দেশের মানুষের অনুভূতি।’ প্রতিমন্ত্রী বলেন, ‘পর্যালোচনা কমিটি কেন এ সিদ্ধান্ত জানিয়ে আমার কাছে চিঠি পাঠিয়েছে, তা শুধু আমি নই, দেশবাসীও জানেন।’ তিনি বলেন, ‘কমিটির অনুরোধ আমরা রক্ষা করব। তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ড্যাপের আগামী বৈঠকে বিএলডিএর সভাপতিকে ডাকা হবে না।’জানতে চাইলে জামিলুর রেজা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা মন্ত্রণালয়ে ড্যাপের সুনির্দিষ্ট কার্যপরিধি ও পরিকল্পনা জমা দিয়েছি। এখন মন্ত্রণালয় মনে করলে পুনরায় তাদের সঙ্গে আমরা বসতে পারি। কিন্তু রিহ্যাব বা বিএলডিএর সঙ্গে আমাদের বসার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর বিএলডিএর সভাপতির সঙ্গে বসার তো প্রশ্নই আসে না।’ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, ‘পর্যালোচনা কমিটির সদস্যদের বিষয়ে শাহ আলম যেভাবে কথা বলেছেন, অশালীন আচরণ করেছেন, তাতে কোনোভাবেই তাঁর সঙ্গে আর কোনো সভায় বসা সম্ভব নয়। প্রয়োজনে বিএলডিএর মহাসচিব বৈঠকে আসতে পারেন। কিন্তু বিএলডিএর সভাপতিকে ডাকা হলে আমরা ওই বৈঠকে যাব না।’ গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘শিষ্টাচারবহির্ভূত যে আচরণের পরিপ্রেক্ষিতে পর্যালোচনা কমিটি চিঠি পাঠিয়েছে, তাতে সবাই একমত পোষণ করবেন। তিনি বলেন, কমিটির সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাঁদের অনুরোধের গুরুত্ব আমাদের কাছে আছে।’৭৬ জন শিক্ষকের নিন্দা: যেসব দুর্নীতিবাজ ব্যবসায়ী দেশের সরকার, শিক্ষাবিদ ও গবেষকদের সঙ্গে অমার্জিত আচরণ করেছেন, তা সব শিক্ষক ও পেশাজীবীর জন্য অত্যন্ত অবমাননাকর। এ ঘটনায় সচেতন নাগরিক হিসেবে দেশের শিক্ষক, গবেষক ও পেশাজীবীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ড্যাপ অনুমোদনের জন্যও জোর দাবি জানিয়েছেন তাঁরা। বিবৃতিতে স্বাক্ষর করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম নওশাদ হোসেন, আবুল কালাম মুহম্মদ নুরুল আলম, মোহাম্মদ সালাহউদ্দিন, রবীন্দ্র চন্দ্র সিনহা, সানিয়া সিফাত, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাইফুজ্জামান, নাজিম আজিজ আনসারি, সাজেদ আশরাফ, বসির আহমেদ, এম সাইদুর রহমান, সাজেদুর রহমান, মো. তারিকুল ইসলাম, মইনুল ইসলাম, জেবুন্নেছা, এম এ মতিন, এম মজিবুর রহমান প্রমুখ।