শাহ আলমের পর মাহবুব আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা কেড়ে নিল আরেকটি তাজা প্রাণ। অনেকের মতে তিনি বাংলাদেশের ইতিহাসসেরা স্প্রিন্টার। সেই মাহবুব আলমের মর্মান্তিক মৃত্যুতে গতকাল শোকস্তব্ধ হলো ক্রীড়াঙ্গন। সাফ গেমসের সাবেক দ্রুততম মানব শাহ আলমের পর সাফ সোনাজয়ী এই স্প্রিন্টারের জীবনও নিভিয়ে দিয়েছে সড়ক দুর্ঘটনা।অ্যাথলেটিকস ফেডারেশনের সদস্য ও কমলাপুর স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়ার ভাইয়ের বাসা কুমিল্লায়। গত পরশু সেখানে যাওয়ার সময় মাহবুবকে সঙ্গে নিয়ে যান ইয়াহিয়া। রাতে খেয়ে ভোরের দিকে ঢাকায় আসার পথে কাঁচপুর ব্রিজ আর মদনপুরের মাঝখানের জায়গাটায় ঘটে দুর্ঘটনা। ইয়াহিয়া বুকে চোট পেয়েছেন। ঘটনাস্থলেই জীবনপ্রদীপ নিভে গেছে মাহবুবের।ইয়াহিয়ার ছেলে এস এম কায়েস জানান, তাঁর বাবা মাইক্রোবাস নিয়ে গিয়েছিলেন কুমিল্লায়। গত পরশু বিকেল সাড়ে পাঁচটার দিকে মাইক্রোবাসের চালক ফোনে বলেন, তাঁর বাবা আঘাত পেয়েছেন। তিনি যেন ঢাকা মেডিকেলে যান। পরে চিকিৎসকেরা ইয়াহিয়াকে বাসায় নিয়ে যেতে বলেন। চালক নিজেও চোখের নিচে গুরুতর আঘাত পেয়েছেন।গাড়িতে কজন ছিলেন, কীভাবে দুর্ঘটনা ঘটল, তার সঠিক বর্ণনা দিতে পারেন শুধু ইয়াহিয়া। কিন্তু তিনি কথা বলতে পারছেন না। সকালে খবরটা ছড়িয়ে পড়লে নারায়ণগঞ্জের বাসিন্দা অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস লাশ নিয়ে আসেন নারায়ণগঞ্জে। সেখানে আনুষ্ঠানিকতা সেরে বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জানাজা হয়। ক্রীড়াঙ্গনের লোকসহ সর্বস্তরের মানুষ শরিক হন জানাজায়।জানা গেছে, মাইক্রোবাসের সামনের আসনে (চালকের বাঁয়ে) ছিলেন মাহবুব। একমুখী রাস্তায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে গাড়ির সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে দুমড়েমুচড়ে যায়। এতে মাহবুবের শরীরের একাংশ থেঁতলে যায়।১৯৯৫ মাদ্রাজ সাফ গেমসে ২০০ মিটার স্প্রিন্টে সোনা জেতেন মাহবুব। চার বছর পর ১৯৯৯ সালে কাঠমান্ডু সাফ গেমসে একই ইভেন্টে ফটো ফিনিশিংয়ে রুপা জেতেন। ওই গেমসেই ১০০ মিটারে পান ব্রোঞ্জ। ২০০ মিটার মূল ইভেন্ট হলেও ১০০ মিটারেও দেশসেরা ছিলেন কিশোরগঞ্জের এই অ্যাথলেট। ১৯৯৬ সাল থেকে চারবার ডাবল জিতেছেন ঘরোয়া মিটে, যার স্বীকৃতি হিসেবে ২০০৩ সালে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার।এ পরিসংখ্যান অবশ্য অ্যাথলেট মাহবুবকে বোঝাতে পারছে না পুরোপুরি। বাংলাদেশের রুগ্ণ অ্যাথলেটিকস-জগতে তাঁর আগমন ছিল ধূমকেতুর মতো। ফিটনেস, স্প্রিন্ট উপযোগী শরীরের সঙ্গে জন্মগত প্রতিভা তাঁকে সেরার আসনে বসিয়ে দেয়।ছিলেন কিছুটা খেয়ালিও। নৌবাহিনীর চাকরিটা ঠিকভাবে করতেন না, ঠিকভাবে ক্যাম্পে থাকতেন না। একটা সময় চাকরিই ছেড়ে যান। গ্রামের বাড়িতে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন এরপর। সম্প্রতি অ্যাথলেটিকস ফেডারেশনের সদস্যপদে নির্বাচিত হয়ে আবার ফেরেন প্রিয় অঙ্গনে। গত এসএ গেমসের সময় অ্যাথলেটিকসের ক্যাম্প কমান্ডার ছিলেন। এত কিছু করলেন, কিন্তু সাফ গেমসে সোনা জেতার পর ফেডারেশন প্রতিশ্রুত এক লাখ টাকা আর পেলেন না!১৯৮৯ সালে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে আসার পথে পাবনার কাছে সড়ক দুর্ঘটনায় মারা যান শাহ আলম। ১৯৮৫ সালে ঢাকা সাফ ও ১৯৮৭ সালে কলকাতা সাফ গেমসের দ্রুততম মানবের সেই মৃত্যুর কথাই মনে করিয়ে দিয়ে গেলেন মাহবুব।শোক: মাহবুবের অকালমৃত্যুতে শোক জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, ফুটবল ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন, সাইক্লিং ফেডারেশন, বাস্কেটবল ফেডারেশন, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া ক্রীড়াবিদ ও সংগঠক সমিতি।