শাহ আলমের ১২৬৮ দিন বিলম্ব মার্জনার আবেদন মঞ্জুর
আয়কর ফাঁকির মামলায় দেরিতে আপিল করার বিষয়ে মার্জনা চেয়ে হাইকোর্টে করা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমের আবেদন মঞ্জুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. শামসুল হুদা ও আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে মার্জনার আবেদনটি গ্রহণ করেন।আয়কর ফাঁকি ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে ১০ বছরের সাজা হয়েছে শাহ আলমের। তিনি ওই মামলার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন। তবে এখনো আপিলের শুনানি হয়নি। কারা প্রশাসনের তত্ত্বাবধানে শাহ আলম গুলশানে ইউনাইটেড হাসপাতালে আছেন।আদালত সূত্র জানায়, রায়ের বিরুদ্ধে আপিল করার পাশাপাশি এক হাজার ২৬৮ দিন বিলম্বের মার্জনা চেয়ে শাহ আলমের পক্ষে আরেকটি সম্পূরক আবেদন করা হয়। এতে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে শাহ আলমের অনুপস্থিতিতে এ মামলার রায় হয়েছে। পরিস্থিতির কারণে তিনি দেশে ছিলেন না। পরে দেশে ফিরে রায়ের বিরুদ্ধে আপিল না করে সাজা বাতিলের জন্য রিট করেছিলেন। পরে তিনি এটা প্রত্যাহার করেন। এ ছাড়া তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। এসব কারণে আপিল করতে দেরি হয়েছে।শাহ আলমের আইনজীবী আহসানুল করিম জানান, শুনানি শেষে আদালত মার্জনার আবেদনটি মঞ্জুর করেছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার প্রথম আলোকে বলেন, আয়কর ফাঁকির মামলার রায়ের পর নির্ধারিত সময়ের এক হাজার ২৬৮ দিন পরে আপিল করা হয়েছে। এ জন্য বিলম্ব মার্জনা চেয়ে আবেদন করা হয়। গতকাল আদালত বিলম্ব মার্জনার আবেদন মঞ্জুর করেন। পরবর্তী তারিখে আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি হবে।গত রোববার পাঁচটি মামলার আসামি হিসেবে ঢাকার বিশেষ জজ আদালত-৩ ও মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-২-এ আত্মসমর্পণ করেন শাহ আলম। বিচারাধীন তিনটি মামলায় আদালত তাঁকে জামিন দিলেও রায় হয়ে যাওয়া মামলায় সাজা পরোয়ানা জারি করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিনই তাঁকে কারাগার থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।