শাহ আলমের ১২৬৮ দিনের বিলম্বিত আপিল আবেদন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের আয়কর ফাঁকির মামলায় দেরিতে আপিল করায় তা মার্জনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট।আজ মঙ্গলবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে মার্জনার আবেদনটি গ্রহণ করেন।আয়কর ফাঁকি ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান একটি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন। এখনো তার শুনানি হয়নি। কারা প্রশাসনের তত্ত্বাবধানে শাহ আলম গুলশানের ইউনাইটেড হাসপাতালে আছেন।শাহ আলমের পক্ষে আট বছরের সাজার বিরুদ্ধে আপিল করার পাশাপাশি ১২৬৮ দিন বিলম্বিত হওয়ার জন্য মার্জনা চেয়ে আরেকটি সম্পূরক আবেদন করা হয়। আবেদনে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে শাহ আলমের অনুপস্থিতিতে এ মামলার রায় হয়েছে। পরিস্থিতির কারণে তিনি দেশে ছিলেন না। পরে দেশে ফিরে এসে রায়ের বিরুদ্ধে আপিল না করে সাজা বাতিলের জন্য রিট করেছিলেন। পরে তিনি এটা প্রত্যাহার করে নেন। এ ছাড়া তিনি অসুস্থ অবস্থায় চিকিত্সাধীন ছিলেন। এসব কারণে আপিলে বিলম্ব হয় বলে উল্লেখ করা হয়।শাহ আলমের আইনজীবী আহসানুল করিম জানান, শুনানি শেষে আদালত এ আবেদনটি মঞ্জুর করেছেন।আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার প্রথম আলোকে বলেন, আয়কর ফাঁকির মামলায় রায়ের পর নির্ধারিত সময়ের ১২৬৮ দিন পরে আপিল করা হয়েছে। এই বিলম্বের মার্জনা চেয়ে আবেদন করা হয়। আজ আদালত মার্জনার আবেদন মঞ্জুর করেন। এখন পরবর্তী তারিখে আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি হবে।উল্লেখ্য, গত রোববার পাঁচটি মামলা আসামি হিসেবে ঢাকার বিশেষ জজ আদালত-৩ ও মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-২-এ আত্মসমর্পণ করেন শাহ আলম। বিচারাধীন তিনটি মামলায় আদালত তাঁকে জামিন দিলেও রায় ঘোষিত মামলায় সাজা পরোয়ানা ইস্যু করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। ওই দিনই তাঁকে কারাগার থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।