শাহ মখদুমে অগ্নিকাণ্ড: মাস্টারসহ পাঁচ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
পদ্মা নদীতে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে রো রো ফেরি শাহ মখদুমে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া জোনের সহকারী মহাব্যবস্থাপক (জিএম) মো. আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।এঁরা হলেন—ফেরির চিফ মাস্টার ইনচার্জ ইদ্রিস হোসেন সিরাজী, দ্বিতীয় মাস্টার আবদুল মান্নান, ইঞ্জিন কর্মকর্তা আবদুল মান্নান মিয়া, দ্বিতীয় ইঞ্জিন কর্মকর্তা মো. জসিমউদ্দিন ও হুইল শুকানী ইমাম হোসেন।বিআইডব্লিউটিসি সূত্র জানায়, গত ১৩ মে গভীর রাতে হাজরা পয়েন্টের ডুবোচরে ফেরি শাহ মখদুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরদিন বিআইডব্লিউটিসির পরিচালক (প্রশাসন) জ্ঞানরঞ্জন শীলকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আশিকুজ্জামান বলেন, তদন্ত কমিটি প্রাথমিক তদন্ত শেষে এ ব্যবস্থা নিয়েছে। বরখাস্তের আদেশটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।