প্রধানমন্ত্রীকে হুমকির অভিযোগ
শাহ মোয়াজ্জেমসহ বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার, হয়রানি না করতে নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ও দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি আমলে না নেওয়া পর্যন্ত তাদের হয়রানি ও গ্রেপ্তার না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারীকে বলা হয়েছে।আজ রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের করা আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন। এ দিন তাঁরা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। আদালতে তাঁদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মামলা পরিচালনা করেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী এম বদরুদ্দোজা ও কামরুল ইসলাম সজল। শুনানি শেষে আদালত জামিন আবেদন নিষ্পত্তি করে ওই নির্দেশ দেন। জানা যায়, গত ২৫ জুলাই মুক্তাঙ্গনে বিএনপির সমাবেশে দেওয়া বক্তৃতায় শাহ মোয়াজ্জেম হোসেন ও আইনজীবী রফিকুল ইসলাম মিয়া শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন এ অভিযোগে ২৯ জুলাই মানিকগঞ্জের আদালতে মামলাটি করা হয়। ওখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল মাজেদ খান মামলাটি করেন। নিম্ন আদালত অভিযোগ তদন্তের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ ব্যাপারে শাহ মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, আমরা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিইনি। একটি পত্রিকা বাদে কোনো পত্রিকাতেই আমরা হুমকি দিয়েছি, এ ধরনের সংবাদ প্রকাশ হয়নি।