শাহজাদপুর ও শিলাইদহে শান্তিনিকেতনের আদলে বিশ্ববিদ্যালয় হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন প্রজন্মের কাছে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিচয় তুলে ধরতে গবেষক ও সাংস্কৃতিক কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার সকালে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তিন দিনের জাতীয় পর্যায়ে রবীন্দ্রজয়ন্তী উৎসবের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে পারে। তিনি বলেন, সরকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি সংরক্ষণ, রবীন্দ্রচর্চা ও গবেষণার জন্য শাহজাদপুর ও শিলাইদহে শান্তিনিকেতনের আদলে বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ নেবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। স্বাগত বক্তৃতা করেন সংস্কৃতিবিষয়ক সচিব হেদায়েতউল্লাহ আল মামুন। রবীন্দ্রস্মারক বক্তৃতা করেন ফখরুল আলম। ঢাকার পাশাপাশি একই সঙ্গে কবির স্মৃতিধন্য শাহজাদপুর, শিলাইদহ, পতিসর ও দক্ষিণডিহিতেও জাতীয় পর্যায়ের কর্মসূচি শুরু হয়েছে।উল্লেখ্য, গতকাল জাতীয় উদ্যোগে সারা দেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দেশবাসী গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে উৎসবমুখর পরিবেশে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করেছে কবিকে। প্রধানমন্ত্রী বলেন, দেশের নতুন প্রজন্ম সাংস্কৃতিক কর্মকাণ্ডের চেয়ে অন্য কিছুতে বেশি মনোযোগী। এমনকি তাদের অনেকে বিপথগামী হয়ে মাদকাসক্ত, অবৈধভাবে অর্থ উপার্জনসহ নানা রকম অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। সুস্থ সংস্কৃতির চর্চা এই তরুণদের সঠিক পথ ও উজ্জ্বল জীবনের সন্ধান দিতে পারে। বর্তমান সরকার দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা ও বিকাশে সব ধরনের সহায়তা দেবে বলে তিনি উল্লেখ করেন।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাঙালি জাতির প্রাত্যহিক জীবন থেকে শুরু করে জাতীয় জীবনের সব সংকট, সংগ্রাম, আনন্দ-বেদনায় তাঁর সাহিত্য আমাদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করে। বাংলা ভাষা ও সাহিত্যকে তিনি বিশ্বসভায় মর্যাদার আসনে পৌঁছে দিয়েছেন। এখনো তিনি আমাদের জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক।’এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী গবেষকদের শুধু রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের ওপর গবেষণা সীমাবদ্ধ না রেখে তাঁর সমাজকল্যাণমুখী কর্মকাণ্ড নিয়েও গবেষণার আহ্বান জানান। এ দেশে কবি তাঁর নোবেল পুরস্কারের সব অর্থ ব্যয় করে দরিদ্র কৃষকদের উন্নয়নে সর্বপ্রথম ক্ষুদ্রঋণের ধারণা বাস্তবায়ন করেছিলেন। কবির মানবকল্যাণের এসব দিক গবেষণার মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।