শাহজাদপুরে অ্যানথ্রাক্সে পাঁচজন আক্রান্ত
সিরাজগঞ্জের শাহজাদপুরের দুটি গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত পাঁচজন রোগীর সন্ধান পাওয়া গেছে। আজ সোমবার শাহজাদপুর স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী পশ্চিমপাড়া ও বাঘাবাড়ী বড়বিন্যাদাইর গ্রামে এসব রোগী শনাক্ত করেন।এই পাঁচজন হলেন: বাঘাবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মো. হেলাল শেখ (২৫) এবং বাঘাবাড়ী বড়বিন্যাদাইর গ্রামের বুলবুলি খাতুন (৪৭), হাফিজুল ইসলাম (১৫), দুলাল হোসেন (১০) ও নয়ন ইসলাম (১২)। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠকর্মচারীদের দায়িত্বে থাকা মো. আফছার আলী জানান, এক সপ্তাহ আগে হেলাল শেখ বেড়াবাজার থেকে গরুর মাংস কিনে আনেন। ১০ দিন পর তাঁর নাকের কাছে একটি ফোঁড়ার মতো দেখা দেয়। আজ তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাঁর দেহে অ্যানথ্রাক্সের অস্তিত্ব শনাক্ত করেন।অন্যদিকে, গত ২৫ মার্চ বাঘাবাড়ী বড়বিন্যাদাইর গ্রামের মাহতাব উদ্দীনের একটি অসুস্থ ছাগল জবাই করে কয়েকজন মাংস ভাগ করে নেন। কয়েক দিন পর বুলবুলি খাতুন, হাফিজুল ইসলাম, দুলাল হোসেন ও নয়ন ইসলামের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়। এরপর স্থানীয় স্বাস্থ্যকর্মী শিল্পী খাতুন তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক এসব ব্যক্তির শরীরে অ্যানথ্রাক্সের অস্তিত্ব শনাক্ত করেন।শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিত্সক আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচজন রোগীই অ্যানথ্রাক্সে আক্রান্ত। সবাইকে বিনা মূল্যে ওষুধসহ চিকিত্সা দেওয়া হয়েছে।