শাহজাদপুরে আরও চারজন অ্যানথ্রাক্সে আক্রান্ত
সিরাজগঞ্জের শাহজাদপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত আরও চারজন রোগীর সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে তিন দিনে শাহজাদপুরে ২৪ জন এ রোগে আক্রান্ত হলো।সিরাজগঞ্জ সিভিল সার্জন নিজামউদ্দিন জানান, ২১ মে শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামের চাঁদ মিঞার একটি ছাগল অসুস্থ হয়ে পড়ে। পরে সেটি জবাই করে মাংস ভাগাভাগি করে নেওয়া হয়। যাঁরা এই মাংস কাটাকাটি ও ধৌত কাজ করেছেন, তাঁদের মধ্যে চাঁদ মিঞা (৫৫), তরিকুল ইসলাম (২২), হোসেন আলী (৪৫) তিনজনের শরীরে অ্যানথ্রাক্স রোগের লক্ষণ দেখা যায়। আজ দুপুরে তাঁরা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে চিকিত্সকেরা এ রোগটিকে অ্যানথ্রাক্স বলে চিহ্নিত করেন।এ ছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মীরা একই উপজেলার চক হরিপুর গ্রামে হেলাল উদ্দিন (৩৫) নামের আরও একজন রোগীকে শনাক্ত করেছেন বলে তিনি উল্লেখ করেন।গত এপ্রিল ও চলতি মাসে শাহজাদপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন ২০ জন।