শাহজাদপুরে আরও চারজন অ্যানথ্রাক্সে আক্রান্ত
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় আজ সোমবার আরও চারজন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চার দিনে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৩৫ জন।নতুন করে আক্রান্ত চারজন রোগী হলেন সড়াতৈল গ্রামের আবদুল কাদের (২৮), বায়েজিদ (৭), রিমু (৪) ও ব্রজবালা গ্রামের আছের আলী (৩২)। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আউয়াল জানান, ১৩ মে সড়াতৈল গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত জবাই করা গরুর মাংস কিনে নাড়াচাড়া করার সময় এ চারজন আক্রান্ত হয়। এক সপ্তাহ আগে তাঁদের শরীরে রোগের লক্ষণ দেখা দেয়। তবে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সায় ভালো না হওয়ায় আজ তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে অ্যানথ্রাক্স রোগে আক্রান্তের বিষয়টি ধরা পড়ে।অন্যদিকে রাজধানীর মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে চিকিত্সক অপূর্ব চক্রবর্তীর নেতৃত্বে তিন সদস্যর একটি গবেষক দল শাহজাদপুরে আসে।দলটি দুপুরে সড়াতৈল গ্রামের আক্রান্ত ১৭ জনসহ যাঁরা মাংস খেয়েছেন, তাঁদের সবার কাছ থেকে রক্তের নমুনা এবং জবাই করা গরুর একটি হাড়ের টুকরো সংগ্রহ করেন। এগুলো মহাখালীতে গবেষণাগারে পরীক্ষা করা হবে বলে দলের প্রধান অপূর্ব চক্রবর্তী জানান।শাহজাদপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন জানান, আক্রান্ত এলাকায় ভ্যাকসিন দেওয়ার পর আর কোনো গবাদিপশু আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।ভ্যাকসিন দেওয়ার পরও একটি গরু অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ায় কাল মঙ্গলবার প্রাণীসম্পদ বিভাগের মহাপরিচালক মো. আশরাফ আলীর নেতৃত্বে একদল উচ্চপদস্থ কর্মকর্তা শাহজাদপুরে আসছে।সিরাজগঞ্জের সিভিল সার্জন নাজিমুদ্দিন খান জানান, আক্রান্ত ৩৫ জন রোগীকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।এদিকে সিরাজগঞ্জ স্বাস্থ্য ও প্রাণীসম্পদ বিভাগ থেকে জনসচেতনতা বাড়াতে সব উপজেলায় প্রচারপত্র বিতরণসহ মাইকিং শুরু করা হয়েছে।